ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্থ টেস্টে জেতার জন্য অস্ট্রেলিয়ার দরকার এক উইকেট। আর ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৫১ রান। জেতার জন্য ৩৫৯ রান তাড়া করতে গিয়ে শনিবার চতুর্থ দিনশেষে সফরকারীরা ৯ উইকেটে তুলেছে ৩০৮। এর আগে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৫০ রানে।
উইকেটে আছেন গ্যাভিন টং, ব্যাট করছেন ১৩ রান নিয়ে। সঙ্গে আছেন কেমার রোচ (১২)।
আট উইকেটে ১৩৭ রান নিয়ে খেলা শুরু করে বেশি দূর এগিয়ে যেতে পারেননি অস্ট্রেলিয়ার আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান নাথান হরিটজ (১১) ও ক্লিন্ট ম্যাককায় (১)। ১৪৬ রানের মাথায় ম্যাককায় ১০ রান করে সুলেইমান বেনের বলে নরসিং দেওনারায়নের হাতে ধরা পড়ে বিদায় নেন। ১৫০ রানের মাথায় আউট হওয়ার আগে একটি রানও যোগ করতে পারেননি হরিটজ।
প্রথম ইনিংসে ২০৮ রানে এগিয়ে থাকার সুবাদে জেতার জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৫৯। এই রান তাড়া করতে গিয়ে ৬৮ রানে তিন উইকেট খুঁইয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। আউট হন অধিনায়ক ক্রিস গেইল (২১), ট্রাভিস ডাওলিন (২২) ও রামনরেশ সারোয়ান (১১)।
কিন্তু দেওনারাওন ও ব্রেন্ডন ন্যাশ জুটি বেঁধে ১২৮ রান তুলে ক্যারিবীয়দের খেলায় ফিরিয়ে আনেন। দলীয় ১৯৬ রানে শেন ওয়াটসনের বলে সরাসরি বোল্ড হওয়ার আগে দশটি চার ও দু'টি ছক্কার সাহায্যে ৮২ রান করেন তিনি। দলের রানের সঙ্গে মাত্র এক রান যুক্ত করেই ফিরে যান ডোয়াইন ব্রাভো। কিন্তু সমান তালে ব্যাট করে যেতে থাকেন ন্যাশ। ২৪৫ রানের মাথায় ডোগ বোলিংগারের বলে বোল্ড হওয়ার আগে ৬৫ রান করেন তিনি। চার মারেন সাতটি।
সুলেইমান বেন ও রবি রামপল, দু'জনেই ২৭৯ রানের মাথায় সাজঘরে ফিরে গেলে মনে হচ্ছিল চতুর্থ দিনেই হার মানতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু গ্যাভিন টং ও কেমার রোচ সেই আশঙ্কাকে দূর করে সাবলিল ভঙ্গীতে ব্যাট করে দলের রান নিয়ে যান ৩০৮-এ।
অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার মিচেল জনসন ৩ উইকেট নেন ৬৭ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন ডোগ বোলিংগার ও শেন ওয়াটসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/
bdnews24