২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমানতালে লড়ছে ইংল্যান্ড

বাসিল ডি অলিভেইরা টেস্ট সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে গ্রায়েম সোয়ানের কল্যাণে দক্ষিন আফ্রিকার বিপক্ষে ভালোই লড়েছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2009, 06:20 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

সেঞ্চুরিয়ন, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাসিল ডি অলিভেইরা টেস্ট সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে গ্রায়েম সোয়ানের কল্যাণে দক্ষিন আফ্রিকার বিপক্ষে ভালোই লড়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে সংগ্রহ করেছে ৩৫৬ রান। দিনের শেষ ৪ ওভারে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অ্যাশওয়েল প্রিন্সের উইকেটটি হারিয়ে প্রোটিয়াসরা করেছে ৯ রান। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৪১৮ রান। তাই ৯ উইকেট হাতে নিয়ে ৭১ রানের লিড নিয়েছে স্বাগতিকদের। ১ উইকেটে ৮৮ রান থেকে তৃতীয় দিন শুরু করা ইংল্যান্ড নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে । মাঝে পিটারসন ও কলিংউডের ৪৯ রানের জুটি কিছুটা হলেও স্বস্তি আনে ইংল্যান্ড শিবিরে। কিন্তু পিটারসন ৪০ ও কলিংউড ৫০ রান করে বিদায় নিলে ২৮২ রানে ৮ উইকেট পড়ে যায় সফরকারীদের। হ্যারিসের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারছিলো না ইংল্যান্ড। কিন্তু হ্যারিসের জবাব দিতে হাজির হয়ে গেলেন আরেক স্পিনার গ্রায়েম সোয়ান। বল হাতে দক্ষিন আফ্রিকাকে প্রথম ইনিংসে ভালোই নাচিয়েছিলেন। এবার ব্যাট হাতে দাঁড়িয়ে গেলেন দৃঢ়চিত্তে। জেমস অ্যান্ডারসনকে নিয়ে নবম উইকেট জুটিতে তুললেন ১০৬ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে যখন মাঠ ছাড়ছেন নামের পাশে তখন ৮৫ রান (৮১ বলে), আর ঝুলিতে ১০ টি চার ও ২টি ছক্কা। ১২৩ রান দিয়ে হ্যারিস পেয়েছেন ৫টি উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/ ১২১৮ঘ.