পার্থ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডোগ বোলিংগারের মারাত্মক বোলিংয়ে ৩১২ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। ২০৮ রানে এগিয়ে থেকেও সফরকারীদের ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া। চা বিরতির আগপর্যন্ত তাদের সংগ্রহ ১ উইকেটে ৫২।
শেন ওয়াটসন ২০ এবং মাইকেল ক্লার্ক ১৬ রানে ব্যাট করছেন।
যা হোক, গত দুদিন পার্থ টেস্টের উইকেট বোলারদের সঙ্গে শত্র"তা করলেও তৃতীয় দিন সকাল থেকেই বন্ধুসুলভ আচরণ শুরু করে। যার পুরো ফায়দাই তুলে নেন বোলিংগারসহ অস্ট্রেলিয়ার বোলাররা।
২ উইকেটে ২১৪ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ২৮০ রানে ৪ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায়। কিন্তু বিরতি থেকে ফিরে এসে মাত্র ৩২ রান যোগ করতেই শেষ ৬ উইকেট পড়ে যায় তাদের।
দিনের শুরুতেই উইন্ডিজ শিবিরে আঘাত হানেন বোলিংগার। নিজের দ্বিতীয় বলেই তিনি তুলে নেন রামনরেশ সারওয়ানের উইকেটটি। সারওয়ান (৪২) কোনও রান যোগ না করেই এদিন সাজঘরে ফিরলে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
সে চাপ কাটিয়ে এগুতে পারেননি গত দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান নরসিংহ দেওনারায়ণ। তিনিও মাত্র ১৮ রানে মিচেল জনসনের শিকার হলে ওয়েস্ট ইন্ডিজ ২৩৯ রানে ৪ উইকেট হারায়।
এরপর বেশ কিছুক্ষণ লড়াই চালিয়ে মধ্যাহ্ন বিরতির আগে আর কোনও বিপত্তি ঘটতে দেননি ব্রেন্ডন ন্যাশ এবং ডোয়াইন ব্রাভো। কিন্তু বিরতির পর দাঁড়াতেই পারেনি তারা। ব্রাভোকে (২৬) বোলিংগার এবং ন্যাশকে (৪৪) নাথান হওরিটজ দ্রুত তুলে নিলে আবারও বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। সে বিপর্যয় আর কাটিয়ে উঠতে পারেনি দলের শেষ দিকের ব্যাটসম্যানরা।
মাত্র ৭০ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং মেরুদণ্ড ভেঙ্গে দেন বোলিংগার। হওরিটজসও তার স্পিন আক্রমণে তুলে নেন ৩ উইকেট। ৬৬ রানের বিনিময়ে। ৯২ রানে বাকি ২ উইকেট তুলে নেন মিচেল জনসন।
এর আগে সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টটিতে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৫২০ রান করে তাদের প্রথম ইনিংস ঘোষণা করে।
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টটি ড্র হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৫০৬ ঘ.
bdnews24