ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় দল নির্বাচকের পদ ছেড়ে দেয়ার খবর প্রকাশের একদিন পর মুখ খুলেছেন নাঈমুর রহামন দুর্জয়। তাদের ওপর খবরদারি এবং বিসিবির কর্মকর্তাদের অপেশাদার আচরণের জন্যই সরে দাঁড়িয়েছেন বলে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক সাক্ষাৎকারে জানান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
প্রশ্ন: এমন কি ঘটেছিল যে নির্বাচকের পদ ছেড়েই দিলেন?
দুর্জয়: গত তিন মাস আমাদের নিয়োগ নিয়ে যা হয়েছে তা সবারই জানা আছে। বিসিবির তিন চারজন কর্মকর্তা আমাদেরকে তাদের কর্মচারি হিসেবে দেখতে চান। খবরদারির জন্য বিশেষ কমিটি করা হয়েছে। এটাতো মেনে নেয়া যায় না।
প্রশ্ন: আপনার কি মনে হয় না নির্বাচকদেরও জবাবদিহিতা থাকা উচিৎ?
দুর্জয়: অবশ্যই। আমরাতো ক্রিকেট অপারেশন্সের অধীনে কাজ করি। ওই বিভাগের চেয়ারম্যানের কাছেই আমাদের দায়বদ্ধতা। যদি নির্বাচকদের ওপর খরবদারি করতে যদি বিশেষ কমিটি লাগে তাহলে প্রধান নির্বাচক রাখার তো প্রয়োজন আছে বলে মনে করিনা। বিসিবির তিন জন কর্মকর্তাই নির্বাচকের কাজ করতে পারেন।
প্রশ্ন: বিসিবি আপনার কাছ থেকে লিখিত পদত্যাগপত্র চায়, সেটা কি দেবন?
দুর্জয়: প্রশ্নই ওঠে না। বিসিবির সঙ্গে তো আমাদের কোনো চুক্তিই নেই, পদত্যাগ করবো কার কাছে?
প্রশ্ন: কিন্তু আপনাদেরকে তো ২০১০ সালের জুন পর্যন্ত দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দেয়া হয়েছে।
দুর্জয়: আমাদের সময়ের দাম নেই? তারা বললেন ছয় মাস থাক ওমনি রাজি হয়ে যাব? দু বছরের চুক্তি হলে বিসিবির সঙ্গে থাকতাম।
প্রশ্ন: বিসিবি বলছে একটা ফরম্যাটে আনার জন্য সবার মেয়াদই ২০১০ সালের জুন পর্যন্ত বাড়ানো হচ্ছে।
প্রশ্ন: কোচ জেমি সিডন্স, সহকারী কোচ খালেদ মাহমুদের চুক্তি তাহলে কোন নিয়মে হয়েছে? তাছাড়া সেশন ধরতে চাইলে ২০১১ সালের জুন পর্যন্তও করা যায়।
প্রশ্ন: বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুরোধ করলে ফেরার সম্ভাবনা আছে কি?
দুর্জয়: আমার এখন সময় নেই। আমি ছয় মাসের নির্বাচক হতে চাই না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/০০৫৮ ঘ.
bdnews24