২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনটি ব্রাভো আর ওয়েস্ট ইন্ডিজের

ডোয়াইন ব্রাভোর সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে শুরুটা ভালোই হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। অ্যাডিলেড টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩৩৬ রান করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2009, 01:21 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

অ্যাডিলেড, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডোয়াইন ব্রাভোর সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে শুরুটা ভালোই হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। অ্যাডিলেড টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩৩৬ রান করেছে তারা। সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিস। কিন্তু দুই ওপেনার গেইল (২৬) ও ব্যারাথ (৩) ৩৯ রানের মধ্যে সাজঘরে ফিরে যাওয়ায় ব্যাটিং উইকেটেও বিপদে পড়ে যায় তারা। দুটি উইকেটই তুলে নেন ১১ মাস পর ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা ডগ বোলিংগার। তারপর ২৮ রান করে সারওয়ানও আউট হয়ে যাওয়ায় স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৮৪। মধ্যাহ্ন বিরতির আগে আরেক বিপদ... জনসনের বলে আহত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ব্রেন্ডন ন্যাশ। দলের এই চরম দুরবস্থায় ত্রানকর্তার ভূমিকায় আর্বিভূত হন শিবনারায়ণ চন্দরপল ও ডোয়াইন ব্রাভো। তাদের ১১৬ রানের জুটি ওয়েস্ট ইন্ডিসকে নিয়ে যায় ২৩৫ রানে। তারপর ৬২ রান করে চন্দরপল আউট হয়ে গেলেও ক্যারিয়ারে নিজের তৃতীয় সেঞ্চুরি করেই সাজঘরে ফেরেন ব্রাভো। পুরো ইনিংসে তিনবার ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া চন্দরপল শেষ পর্যন্ত যেভাবে আউট হয়েছেন তাতে নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। ওয়াটসনের বলে তার ক্যাচ নিয়ে আউটের আপিলটি আম্পায়ার মার্ক বেনসন প্রত্যাখান করায় থার্ড অ্যাম্পায়ারের শরনাপন্ন ( রেফারেল সিস্টেম ) হন রিকি পন্টিং। রিপ্লেতে পরিস্কার বোঝা না গেলেও থার্ড আম্পায়ার আসাদ রউফ চন্দরপলকে আউট ঘোষনা করেন। সেঞ্চুরি করার একটু পরে হরিজের বলে বোল্ড হয়ে যান ব্রাভো। এরপর মাঠে নামেন লাঞ্চের আগে আহত হয়ে সাজঘরে ফিরে যাওয়া ন্যাশ। ষষ্ঠ উইকেটে জুটিতে ৬৩ রান তুলেও অবিচ্ছিন্ন থেকে দিনের বাকি সময়টুকু পার করে দেন ন্যাশ ও ড্যারেন সামি। দিন শেষে দুজনেই ব্যাট করছিলেন ৪৪ রানে। বোলিংগারের মতো শেন ওয়াটসনও পেয়েছেন দুটি উইকেট আর জনসন ও হরিজ পেয়েছেন একটি করে উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/২০৪০ ঘ.