ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে শনিবার জয় পেয়েছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ও ওল্ড ডিওএইচএস।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী ৮২ রানে হারায় বিকেএসপিকে। টস জিতে ইমরুল কায়েসের সেঞ্চুরি (১১৫) ও নাসির হোসেনের ফিফটির (৮১) সুবাদে ২৬৮ রানে অলআউট হয় আবাহনী। বিকেএসপির জাকারিয়া মাসুদ ৪টি ও মুবারাত ইসলাম নেন ৩টি উইকেট। জবাবে মোহাম্মদ রফিকের ঘূর্ণির সামনে ৪৭.৫ ওভারে ১৮৬ রানেই গুটিয়ে যায় বিকেএসপি। আইজাল আহমেদ ৫৬ ও আসিফ আহমেদ ৪৬ রান করেন। ৯.৫ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নেন রফিক।
ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ৩ উইকেটে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)'কে। উত্তম সরকার ৫০ ও নাজমুল হোসেন ৮৪ রান করে সিসিএসকে ২২৫ রানের মোটামুটি একটা স্কোর গড়ে দেন। মোহামেডানের শাহাজাদা হোসাইন ৪টি ও নাবিল সামেদ ২টি উইকেট নেন। এর জবাবে মার্শাল আয়ুবের ৬১, নাফিস ইকবালের ৩৯ ও ফয়সাল হোসাইনের ৪২ রানের ইনিংসগুলোর ওপর ভর করে এক ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে মোহামেডান (৭ উইকেটে ২২৬ রান)।
বিকেএসপি মাঠে ওল্ড ডিওএইচএস ১৮ রানে হারিয়েছে সূর্য্যতরুণ ক্লাবকে। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৮৩ রান তোলে ওল্ড ডিওএইচএস। নাসির উদ্দিন ফারুক ৪৩, তাইবুর রহমান অপরাজিত ৩৯ রান করেন। এর জবাব দিতে গিয়ে ৪৭.৪ ওভারে ১৬৫ রানে অল-আউট হয় সূর্য্যতরুণ। আনিসুর রহমান ৫২ রান করেন। ৩টি করে উইকেট নেন মশিউর রহমান ও নাজমুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৪৮ ঘ.
bdnews24