মোহালি, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যেমনটি আশা করা হয়েছিল সেরকমই জমেছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। তৃতীয় ম্যাচ ৯৯ রানে জিতে ৭ ম্যাচ সিরিজে ২-১-এ এগিয়ে গিয়েছিল ভারত। পরের ম্যাচেই আবার ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। সোমবার মোহালিতে ভারতকে ২৪ রানে হারিয়ে আবার সিরিজে সমতা ফিরিয়েছে রিকি পন্টিংয়ের দল।
ভারতকে ২৫১ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। ক্যামেরন হোয়াইটের ৬২, পন্টিংয়ের ৫২, শেন ওয়াটনের ৪৯ আর মাইক হাসির ৪০ --- ৪ বল থাকতে অলআউট হওয়ার আগে তারা ২৫০ পর্যন্ত যেতে পেরেছিল এই ইনিংসগুলোর কল্যাণেই। ৩৭ রানে ৩ উইকেট নেন আশিষ নেহরা। পাশাপাশি হরভজন সিংও দ্ ুউইকেট নেয়ায় অস্ট্রেলিয়ার ইনিংস আর বড় হয়নি।
শেবাগের ১৯ বলে ৪০ রানের ঝড়ের পর টেন্ডুলকারও ৪০ রান করায় জয়ের দিকেই এগোচ্ছিল ভারত। কিন্তু প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১৭ হাজার পূর্ণ করার ৭ রান আগে টেন্ডুলকার আউট হওয়ার সঙ্গে সঙ্গেই লক্ষ্যচ্যূত হতে থাকে মহেন্দ্র সিং ধোনির দল। যুবরাজ (১০), বিরাট কোহলি (১২), ধোনি (২৬), রায়নারা (১৭) একে একে বিদায় নেয়ায় প্রথম ম্যাচের মতো আবারও আশা জাগিয়েছিল হরভজন-প্রভীন জুটি। কিন্তু হরভজন (৩১) আর প্রভীন (১৬) আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের বিজয়োল্লাসে মেতে উঠতে আর সময় লাগেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/০০০৫ ঘ.
bdnews24