২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও টপঅর্ডার ব্যাটসম্যানদের দুষলেন সাকিব

ব্যাট করার ইচ্ছেই ছিল না। একটু বিশ্রামের জন্যই নিজের জায়গায় পাঠিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদকে। তারপর মুশফিকুর রাহিমকে। তব্ওু শেষ রক্ষা হয়নি। দু'জনই ব্যর্থ এবং ব্যাট করতে নামতেই হলো সাকিব আল হাসানকে। ম্যাচ শেষে তাই অসন্তোষ লুকোনোর চেষ্টা করেননি বাংলাদেশ অধিনায়ক,"একটু চেষ্টা করলেই আমরা কমপক্ষে ৭ উইকেটে জিততে পারতাম। তামিমের উচিত ছিল সেঞ্চুরি করা। আশরাফুলও ৮০/৮৫ রান পর্যন্ত তার ইনিংসটাকে নিয়ে যেতে পারতেন। কিন্তু তারা সেখানে ব্যর্থ। পরের ব্যাটসম্যানরাও গেলেন আর এলেন। এখানেই আমাদের উন্নতি করতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2009, 05:16 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাট করার ইচ্ছেই ছিল না। একটু বিশ্রামের জন্যই নিজের জায়গায় পাঠিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদকে। তারপর মুশফিকুর রাহিমকে। তব্ওু শেষ রক্ষা হয়নি। দু'জনই ব্যর্থ এবং ব্যাট করতে নামতেই হলো সাকিব আল হাসানকে। ম্যাচ শেষে তাই অসন্তোষ লুকোনোর চেষ্টা করেননি বাংলাদেশ অধিনায়ক,"একটু চেষ্টা করলেই আমরা কমপক্ষে ৭ উইকেটে জিততে পারতাম। তামিমের উচিত ছিল সেঞ্চুরি করা। আশরাফুলও ৮০/৮৫ রান পর্যন্ত তার ইনিংসটাকে নিয়ে যেতে পারতেন। কিন্তু তারা সেখানে ব্যর্থ। পরের ব্যাটসম্যানরাও গেলেন আর এলেন। এখানেই আমাদের উন্নতি করতে হবে।" এমন চললে দল যে এগোবে না সেই দুশ্চিন্তা থেকে সাকিব আরো বললেন,"যখন জানবেন একটা দলে পাঁচ জন ব্যাটসম্যান রান করবে তখন নিয়মিত জয় আশা করা যায়। এখনো আমরা সে অবস্থায় আসতে পারিনি।" ব্যাটসম্যানদের নিয়ে কিছুটা অসন্তোষ থাকলেও বোলারদের, বিশেষ করে পেসার নাজমুল হোসেনের বোলিংয়ে অধিনায়ক বেশ খুশি, 'পরিশ্রম করছিলেন নাজমুল ভাই। আজ (শনিবার) খুবই ভালো বল করেছেন। তিনটি উইকেটও নিয়েছেন। আশা করি, অন্যরা তাকে দেখে উজ্জীবিত হবেন, সুযোগ পেলে কাজেও লাগাবেন।' সাকিবের অনুযোগ মাথা পেতেই নিয়েছেন ৮০ রানের চমৎকার এক ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতা তামিম ইকবাল। অসময়ে আউট হওয়ায় কিছুটা আক্ষেপ তার মনেও আছে। সাকিবের কথা সমর্থন করে তাই বললেন,"সেঞ্চুরি পেলে ভালো হতো। একটু কম শট খেললে আমি আর আশরাফুলই হয়তো ম্যাচ শেষ করে আসতে পারতাম। বিশ্বমানের ব্যাটসম্যান হতে হলে শট নির্বাচনে আমাকে সতর্ক হতেই হবে।" পায়ে চোট থাকায় টাটেন্ডা টাইবু এবং অধিনায়ক প্রসপার উৎসেয়াকে ছাড়াই খেলতে হয়েছে জিম্বুবয়েকে। ম্যাচে যার প্রভাব পড়ারই কথা।তবে সেই প্রসঙ্গ না টেনে, এ ম্যাচের ব্যর্থতা মেনেই সিরিজ জয়ের আশা প্রকাশ করলেন সফরকারীদের ভারপ্রাপ্ত অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা,"আগের দুই ম্যাচে চেয়ে এ ম্যাচে খারাপ খেলেছি আমরা। তবে চট্টগ্রামের ম্যাচ দুটো জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চাই।" জিম্বাবুয়ে-বাংলাদেশের ম্যাচ জয়ের পরিসংখ্যান এখন ২২-২৩। সিরিজে শুরুতে পিছিয়ে পড়েও ২-১-এ এগিয়ে গেল বাংলাদেশ। গত দু ম্যাচের সাফল্যে বাকি ম্যাচগুলোতেও দলে কোনো পরিবর্তন না আনার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। তার মানে, দলের প্রয়োজনে চট্টগ্রামেও এক পেসার নিয়ে খেলতে পারে সাকিবের দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২৩১০ ঘ.