ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে শুক্রবার জয় পেয়েছে ওল্ড ডিওএইচএস, ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ও বাংলাদেশ বিমান। ওল্ড ডিওএইচএস ৪৪ রানে গাজী ট্যাংক ক্রিকেটার্সকে, ক্রিকেট কোচিং ৯ উইকেটে পারটেক্সকে এবং বাংলাদেশ বিমান ৭ উইকেটে হারিয়েছে বিকেএসপিকে।
বিকেএসপি মাঠে ৭ উইকেটে ১৭১ রান করে ওল্ডডিওএইচএস। নাসিরউদ্দিন ফারুক ৪০, ওয়াসিম নাসিম ৩৮ ও সাইফ মাহমুদ করেন অপরাজিত ৩১ রান। জবাবে ৪৪.৩ ওভারে ১২৭ রানে অল-আউট হয়ে যায় গাজী ট্যাংক ক্রিকেটার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন সোহরাওয়ার্দী শুভ।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬৯ রান তোলে পারটেক্স স্পোর্টিং। হার না মানা ৮৮ রানের ইনিংস খেলেন মেহরাব হোসেন। জবাবে উত্তম সরকারের অপরাজিত ১০৯ ও আতিউর রহমানের অপরাজিত ৫০ রানের সুবাদে ১ উইকেটে ১৭৩ রান তুলে নেয় ক্রিকেট কোচিং স্কুল।
ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিকেএসপির ১৮৮ রানের জবাবে ৪৫.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ বিমান। বিমানের পক্ষে মেহরাব হোসেন জুনিয়র ৮৮, জিহান মোবারক অপরাজিত ৪৭ এবং জহুরুল ইসলাম ৩০ রান করেন। বিকেএসপির পক্ষে আশিকুল আলম ৬৯ ও জসিমউদ্দিন করেন ৪২ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২৩১২ ঘ.
bdnews24