ঢাকা, অক্টোরব ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ম্যাচের আগের দিন হালকা অনুশীলনই হয়। বুধবার বাংলাদেশ দলের প্র্যাকটিসে দেখা গেছে উল্টো মেজাজ। অনেকটা সময় ধরে নেটে ব্যাট করলেন ব্যাটসম্যানরা। বোঝাই যায়, গ্রামীণফোন কাপ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নিতে বদ্ধপরিকর তারা।
বৃহস্পতিবারই খেলতে হচ্ছে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারার স্মৃতিকে অতীত করার প্রত্যয় নিয়ে ম্যাচ পরিকল্পনা চূড়ান্ত করছে বাংলাদেশ। সহ-অধিনায়ক মুশফিকুর রহিম বেশ জোর দিয়েই বললেন,"আমরা জিম্বাবুয়ের চেয়ে অনেক ভালো দল। আমরা অবশ্যই সিরিজ জিতব। আর কোনো ম্যাচই হারতে চাই না।"
সাফল্যের ব্যাপারে অতটা আশাবাদী হতে পারছেন না কোচ জেমি সিডন্স। সিরিজের বাকি ম্যাচগুলোতে কোন দলকেই এগিয়ে রাখছেন না। বরং বাংলাদেশ একটু চাপে থাকবে বলেই মনে হচ্ছে তার,"দর্শক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র কর্মকর্তাদের প্রত্যাশা অনেক। আগের দু'টি সিরিজ জেতায় দেশের মাঠে চাপ নিয়েই খেলতে হচ্ছে।"
পাশাপাশি এ সিরিজে যে দু' দলেরই সমান সম্ভাবনা সে কথাও আবার মনে করিয়ে দিলেন তিনি,"যে কেউই সিরিজ জিততে পারে। ভালো খেলাটাই আলস কথা। যারা সুযোগ কাজে লাগাতে পারবে সাফল্য তাদের হাতেই ধরা দেবে।"
এবার একজন ব্যাটসম্যান কম খেলাতে পারে বাংলাদেশ। উইকেট ভেজা থাকায় পেসার নেয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করেন নির্বাচক আকরাম খান। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ম্যাচের দিন উইকেট দেখার পর।
প্রথম ম্যাচ জেতায় জিম্বাবুয়ের আত্মবিশ্বাস স্বাভাবিক কারণেই অনেকটা বেড়েছে। হ্যামিলটন মাসাকাদজার মতে ধারাবাহিকতা ধরে রাখাই হবে তাদের লক্ষ্য,"পথ চলা শুরু হয়েছে। এখন এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।"
সিরিজ শুরুর আগের দিনও যারা স্বাগতিকদের ফেবারিট মেনেছে সেই জিম্বাবুয়ের কোচ ওয়াল্টার চাওগুতা মনে করেন তার দলই জিতবে দ্বিতীয় ম্যাচ। কারণ হিসেবে আগের ম্যাচের সাফল্যকেই সামনে নিয়ে এসেছেন,"জয়ই বদলে দিয়েছে ক্রিকেটারদের মানসিকতা। তারা এগিয়ে যাওয়ার চেষ্টাই করবে। যদিও জানি, স্বাগতিক দল সিরিজে ফিরতে মরিয়া থাকবে।"
অধিনায়ক প্রসপার উৎসেয়া পায়ে চোট পাওয়ায় দ্বিতীয় ওয়ানডেতে তার খেলার সম্ভাবনা নেই বলেই মনে করছেন সফরকারী দলের কোচ। এই একটি ছাড়া প্রথম ম্যাচের দলে আর কোনো পরিবর্তনের কথা ভাবছেনা জিম্বাবুয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯৫৩ ঘ.
bdnews24