ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উইজডেন ক্রিকেটার ম্যাগাজিনের বর্ষ সেরা টেস্ট ক্রিকেটারের সনদ রোববারই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)তে পৌঁছায়। তবে খবরটা গোপন রাখা হয়। চমক দিতে সাকিব আল হাসানকেও নাকি জানানো হয়নি। সোমবার দুপুরে জিম্বাবুয়ে-বাংলাদেশ প্রথম ওয়ানডের প্রাক ম্যাচ সংবাদ সম্মেলন শেষে সাকিবের হাতে সনদ তুলে দেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন এমন এক পুরস্কার হাতে পেয়ে সাকিব বলেছেন, এ স্বীকৃতি সিরিজে ভালো করার ব্যাপারে তাকে বাড়তি প্রেরণা জোগাবে, "নিঃসন্দেহে কালকের (মঙ্গলবার) ম্যাচে আমি আরো বেশি উজ্জীবিত থাকবো। সত্যিই এই সনদ আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে।"
এই অর্জনের পেছনে স্বতীর্থ ক্রিকেটারদের ভূমিকার কথা স্বীকার করে আইসিসির র্যাঙ্কিং অনুযায়ী এ মুহুর্তের বিশ্বসেরা অলরাউন্ডার বললেন, "এই সনদ আমার স্বতীর্থদের হাতে সবার আগে তুলে দেব। আমার সাফল্যে তাদের অবদান অনেক, তারাও এর আংশীদার।"
৮ অক্টোবর সাকিব আল হাসানকে বর্ষ সেরা ক্রিকেটার হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় উইজডেন ক্রিকেটার। যদিও তারও এক মাস আগে নিজের এই অর্জণের খবর পেয়েছিলেন সাকিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৬৫৫ ঘ.
bdnews24