ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাহনী-মোহামেডান সমর্থকদের জন্য মঙ্গলবার দিনটি একই সঙ্গে ব্যস্ততার এবং উৎকন্ঠার। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিগবস প্রিমিয়ার টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে আবাহনী-মোহামেডান সেমিফাইনাল দ্বৈরথ শেষ হতে না হতেই তাদের হয়তো ছুটতে হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল দেখতে।
দুপুর আড়াইটায় শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম সেমিফাইনাল। যে দলই ফাইনালের টিকিট পাক না কেন, দর্শকদের একটাই কামনা, ম্যাচ যেন জমজমাট হয়। টুর্নামেন্টে দোর্দণ্ড প্রতাপের সঙ্গেই খেলছে মোহামেডান। অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে আবাহনীকে মোকাবেলা করবে তারা। অন্যদিকে অনেক হিসেব নিকেশের পর হেড-টু-হেডে সূর্যতরুণের চেয়ে এগিয়ে থেকে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জণ করেছে আবাহনী। পারফরম্যান্সের বিচারে নিঃসন্দেহে এগিয়ে সাদাকালো শিবির। লিগ পর্বের খেলাগুলো পর্যালোচনা করলে দেখা যাবে তামিম ইকবাল একাই টেনে নিচ্ছেন মোহামেডানকে। সেমিফাইনালে তামিমকেই আবাহনীর যত ভয়।
ওদিকে আবাহনী দলের জন্য সুখবর। দলের প্রয়োজনীয় মুহূর্তে বসে থাকতে পারছেন না অল-রাউন্ডার সাকিব আল হাসান। একেতো সেমিফাইনাল তারওপর মোহামেডানের বিপক্ষে খেলা। মাঠে নামতে আর তর সইছে না সাকিবের। আবাহনীর নেতৃত্ব নিয়ে টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামছেন র্যাঙ্কিংয়ে এই মুহূর্তের বিশ্বসেরা ওয়ানডে অল-রাউন্ডার। তার মতে মোহামেডানকে হারাতে হলে শুরুতেই তামিমকে থামানোর কোনো বিকল্প নেই, "একা তামিম যা খেলেছে মোহামেডানের বাকি সদস্যরা মিলে অত রান করতে পারেনি। তাই শুরুতেই তামিমকে ফেরাতে হবে।"
অনেকদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামছেন সাকিব। নিজেকে ফিরে পাওয়াই এখন তার প্রধান লক্ষ্য। অল-রাউন্ড নৈপূন্য দেখাতে পারলে আবাহনীর জন্য ভালই হবে।এমনিতে ম্যাচ জয়ের ব্যাপারে খুবই আশাবাদী সাকিব, বললেন,"আমাদের তো সেমিফাইনালেই ওঠার কথা ছিলনা। অনেকটা ভাগ্যের জোরে এ পর্যন্ত এসেছি। তাই আবাহনীর হারানোর কিছু নেই। উল্টো মোহামেডান চাপে থাকবে। এ সুযোগে ম্যাচ জিতবো আমরাই।"
বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান ফাইনালের স্বপ্নে বিভোর। যে কোনো মূল্যেই আবাহনীকে হারাতে চাইছে তারা। মোহাম্মদ আশরাফুল বলেন,"নিজেদের স্বাভাকি খেলাটা খেলতে পারলেই আমরা ম্যাচ জিতবো। আবাহনীতে যে-ই খেলুক আমরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে যাবো।"
তামিম ইকবালের প্রত্যাশাও একই। জয়ের জন্য আবারও নিজের সেরাটা মেলে ধরার ইচ্ছে প্রকাশ করে জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান বললেন,"আগের ম্যাচগুলোতে যেভাবে খেলেছি, এবারও সেভাবেই খেলতে চাই। আবাহনীর বিপক্ষে ম্যাচ বলে বাড়তি চাপ নিতে চাইনা। অন্যরা আমাকে নিয়ে পরিকল্পনা করতে পারে, কিন্তু আমি নিজেকে নিয়ে ভাবছি।"
দিনের অন্য সেমিফাইনালে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স খেলবে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে। স্বাভাবিকভাবেই এ ম্যাচে ফেবারিট ধরা হচ্ছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সকেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১০৩ ঘ.
bdnews24