ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রত্যাশার বেলুন ফোলানোই ছিলা। সেখানে আরো বাতাস দিলেন বিসিবি সভাপতি, সাংসদ আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল)। ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক --- সবখানেই উন্নয়নের জোয়ার বইয়ে দেয়ার ইচ্ছে তার। কাজের উদ্যোগ কবে নেয়া হবে তার কোনো দিক নির্দেশনা অবশ্য নেই। তবে পরিকল্পনা আছে, সবাইকে আরেকবার মনে করিয়ে দিলেন বিসিবি সভাপতি।
দক্ষিণ আফ্রিকায় আইসিসির (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) সভায় (৬-৭ অক্টোবর) যোগ দেয়ার পর অনেক বিষয়েই অভিজ্ঞতা হয়েছে বলে জানালেন বিসিবি সভাপতি। তা থেকে কিছু অংশ বুধবার সাংবাদিকদের সামনে তুলেও ধরেছেন। বললেন,"বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে আসা হবে উপদেষ্টা হিসেবে। শুধু ঢাকাতে নয়, বিভাগ এবং জেলাতেও নিয়ে যাওয়া হবে বিদেশী তারকা ক্রিকেটারদের। যাতে তরুণ প্রজন্ম ক্রিকেটে আগ্রহী হয়।"
দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জন্টি রোডস-এর সঙ্গে কথাও বলেছেন সাংসদ মোস্তফা কামাল। বিশ্বনন্দিত সাবেক এই ফিল্ডার কবে নাগাদ বাংলাদেশে আসতে পারেন তা জানাননি বিসিবি সভাপতি।
বিসিবি সভাপতি আরো জানান, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেয়া হবে শিগগিরই, যাতে আইসিসির সূচির বাইরেও আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতে পারে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনাও হয়েছে আইসিসি সভা চলার সময়। বিসিবি সভাপতি জানান, দু দেশের মধ্যে ক্রিকেটার বিনিময় চুক্তি জোরদার করা হবে। বাংলাদেশের ক্রিকেটাররা যাতে সে দেশের লিগে খেলার সুযোগ পায় সে চেষ্টাই করছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটকে গতিশীল রাখতে হোম অ্যান্ড অ্যাওয়ের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে খেলারও সুযোগ রাখছে আইসিসি। শুধু নিরাপত্তার কারণেই নয়, বাণিজ্যিক দিক বিবেচনা করেও ক্রিকেটে নতুন এই পদ্ধতি আইসিসির নিয়মেই পরিণত হচ্ছে। মোস্তফা কামাল জানান, নিরপেক্ষ ভেন্যু হিসেবে আরব আমিরাত ও মালয়েশিয়াকে বেছে নেবে বাংলাদেশ। কোনো কারণে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা পাকিস্তান বাংলাদেশে আসতে রাজি না হলে অথবা বাংলাদেশকে তারা অতিথি হিসেবে পেতে না চাইলে নিরপেক্ষ ভেন্যুতে খেলার উদ্যোগ নেয়া হবে।
অবশ্য বাংলাদেশ দল যদি আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক হয় তবে নিরপেক্ষ ভেন্যু খুঁজতে হবে না। বিশ্ব ক্রিকেটের সুপার পাওয়ার হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারত বাংলাদেশকে তাদের দেশে আমন্ত্রণ জানাতে একরকম অনীহাই দেখিয়ে আসছে অনেকদিন হলো। অনেক সময় টেস্ট ক্রিকেট থেকে বাংলাদেশকে ছেঁটে ফেলার পরামর্শও এসেছে কোনো কোনো মহল থেকে। বিসিবি সভাপতি মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্স দিয়েই এর জবাব দেয়া সম্ভব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯০৮ ঘ.
bdnews24