করাচি, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফাস্ট বোলার শোয়েব আক্তারের হাঁটুর অপারেশনের খরচ বহন করবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)
৩৪ বছরের শোয়েবের অপারেশন হওয়ার কথা ইংল্যান্ডে আগামী সপ্তাহে। কিন্তু পিসিবি বলছে, চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়া সত্ত্বেও চিকিৎসার খরচ পাওয়ার যোগ্য শোয়েব নন।
বোর্ডের এক কর্মকর্তা বৃহস্পতিবার জানান, চুক্তির মধ্যে একটি ধারা রয়েছে, তাতে পরিস্কার বলা হচ্ছে, দেশের হয়ে খেলার সময় কোনো ক্রিকেটার আহত হলেই কেবল তার জন্য চিকিৎসার খরচ বহন করা হবে।
শোয়েব আক্তার বেশ কিছুদিন ধরে দেশের পক্ষে খেলছেন না। তাই তার চিকিৎসার খরচ দেওয়া হবে না বলে তিনি জানান।
ফিটনেসের অভাব ও শৃঙ্খলা ভাঙার জন্য গত আড়াই বছরে শোয়েব আক্তার হাতে গোনা কয়েকটি মাত্র টেস্ট ও একদিনের ম্যাচ খেলেছেন।
টেস্টে শোয়েব ১৭৮ ও একদিনের ক্রিকেটে ২২৩টি উইকেট নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৪৮ ঘ.
bdnews24