২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দলকে সমালোচনা করলেই তাহলে কাজ হয়!

বাংলাদেশের জয় দেখতে চান? তাহলে এখন থেকে ক্রিকেটারদের প্রশংসায় কৃপণ থেকে কৃপণতর হয়ে যান। আর সুযোগ পেলেই তাদের সমালোচনায় জর্জরিত করে তুলুন, যাতে দেয়ালে পিঠ একদম ঠেকে যায়। তাহলেই কিছু একটা দেখার সম্ভাবনা শতভাগ। নাহ, এটা কোনো ক্রিকেট বিশ্লেষকের গবেষণালব্ধ ফল নয়। খোদ বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের কথার সারমর্ম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2009, 04:03 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, ১৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশের জয় দেখতে চান? তাহলে এখন থেকে ক্রিকেটারদের প্রশংসায় কৃপণ থেকে কৃপণতর হয়ে যান। আর সুযোগ পেলেই তাদের সমালোচনায় জর্জরিত করে তুলুন, যাতে দেয়ালে পিঠ একদম ঠেকে যায়। তাহলেই কিছু একটা দেখার সম্ভাবনা শতভাগ। নাহ, এটা কোনো ক্রিকেট বিশ্লেষকের গবেষণালব্ধ ফল নয়। খোদ বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের কথার সারমর্ম। জিম্বাবুয়ের কাছে হারের পর যখন পায়ের তলা মাটি সরে গেছে, যখন ঘরের মাঠে ফাইনালে দর্শক বনে যাওয়ার জোর সম্ভাবনা-তখনই শ্রীলঙ্কার বিপক্ষে 'অন্যরকম' জয় দিয়ে ফাইনালে পৌছানোর পর বিষয়টাকে সেদিকেই বাঁক খাওয়ালেন আশরাফুল। ওয়ানডেতে বাংলাদেশের এর আগের জয়গুলোর সঙ্গে তুলনা করতে গিয়ে বললেন, "প্রতিটা জয়ই খুব ভালো জয়। তারপরও এই জয়টা অন্যরকম। কারণ এই ম্যাচ জিতেই আমরা ফাইনালে খেলতে পারছি। তবে আমাদের প্রতিটা জয়ই একেকটা জবাবের মতো। ইংল্যান্ডে আমাদের টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ্ন উঠেছিল। এর পরপরই আমরা কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোয় সমালোচকদের মুখ বন্ধ হয়ে গিয়েছিল। বিশ্বকাপে আমরা সুপার এইটে উঠলাম, এটি নিয়েও প্রশ্ন (প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে না, এই অর্থে)। সেখানে আমরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিলাম। এই জয়টাও খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ র‌্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ে আমাদের নীচে। ওদের কাছে হারার পর আমরা খুব আপসেট ছিলাম। এই জয়টা তাই আমাদের সবার জন্যই বিশেষ কিছু।" তাহলে জিততে হলে সমালোচনার দরকার হয় কিনা, এমন পাল্টা প্রশ্নে আশরাফুলের জবাব, "সমালোচনা কেউই পছন্দ করে না।" সমালোচনা বোধহয় অসহিষ্ণুও করে তোলে। এ কারণেই এমন একটা জয়ের পর সুযোগ পেয়ে স্থানীয় সংবাদমাধ্যমকে এক হাত নেওয়ার সুযোগটা ছাড়লেন না তিনি, "জিম্বাবুয়ের কাছে হারার পর আমি বলেছিলাম, অবশ্যই আমাদের ফাইনালে খেলার ভালো সুযোগ আছে। শুনে আপনারা সবাই হেসেছিলেন। একজন ক্রিকেটার হিসেবে বিষয়টা খুব খারাপ লেগেছিল। যেহেতু আমরা খেলি, জানি যে এরকম হতেই পারে। নিজেদের সেরা খেলাটা খেললে ইতিবাচক ফল আসা সম্ভব।" এমন কথা বলার পর সংবাদ সম্মেলনের পরিবেশ একটু উত্তপ্ত হওয়া স্বাভাবিক। "আমাদের কেউ হাসেননি"- একজন জ্যেষ্ঠ সাংবাদিক এটা নিশ্চিত করার পর আশরাফুল অবশ্য পরিস্থিতি হালকা করার চেষ্টা করলেন, "আমি হয়তো চোখে ভুল দেখেছি। আসলে আমরা আপনাদের জবাব দেওয়ার জন্য খেলছি না। সবসময়ই সেরা খেলাটা খেলার চেষ্টা থাকে আমাদের। আজকের গেমপ্ল্যান, পরিস্থিতি আমাদের পক্ষে এসেছে। ফল তাই ইতিবাচক হয়েছে। জিম্বাবুয়ে ম্যাচে তা আসেনি। ফলও এজন্য নেতিবাচক হয়েছে।" সবকিছুই পক্ষে থাকার একটা উদাহরণ দিতে ভুললেন না আশরাফুল, "আসলে আজ আমরা যা কিছু করতে চেয়েছি, সবই হয়েছে। চেয়েছিলাম, তৃতীয় পাওয়ার প্লের সময় রুবেলকে দিয়ে বোলিং করাবো। সেটি কাজে লেগেছে। ওর বলে গতি আছে। অ্যাকশনটাও একটু ভিন্ন।" শ্রীলঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার মতো অদ্ভুত বোলিং অ্যাকশনের জন্য 'মালিঙ্গা' নিকনেম পেয়ে যাওয়া রুবেল হোসেন তার ওয়ানডে অভিষেকেই গড়ে ফেলেছেন দারুণ এক কীর্তি। ২ ওভারের প্রথম স্পেলে ১২ রান দিয়ে উইকেটশূন্য থাকা এই পেসার ৩.৩ ওভারের পরের স্পেলে ২১ রানে মুঁড়ে দিয়েছেন শ্রীলঙ্কান ইনিংসের লেজ। সবমিলিয়ে ৩৩ রানে তার ৪ উইকেট নেওয়া অভিষেকে কোনো বাংলাদেশীর সেরা বোলিং পারফরম্যান্স। এমন পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে এসে লজ্জাবনত ও মৃদুভাষী এই পেসার নীচুস্বরে বললেন তার ঝলসে ওঠার রহস্য, "নাঈম ভাইয়ের (নাঈম ইসলাম) অভিষেক ম্যাচে বাংলাদেশ জিতেছিল (গত অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে এই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামেই)। ম্যাচের আগে আশরাফুল ভাই আমাকে এটা জানিয়ে বললেন, 'তুইও কিছু একটা করে দেখা।' আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি।" তবে এই ম্যাচ জেতার ক্ষেত্রে জয়ের নায়ক সাকিব আল হাসান এবং অধিনায়ক আরেকজনের অবদানকে খুব গুরুত্বপূর্ণ মনে করছেন। তিনি মাশরাফি বিন মর্তুজা। সাকিব যেমন বললেন, "একটা ক্রিকেট ম্যাচের শুরুটা খুব গুরুত্বপূর্ণ। সেটা ব্যাটিং হোক কিংবা বোলিংয়ে। আজ যেমন মাশরাফি বোলিংয়ে খুব ভালো শুরু করে দিয়েছে।" আর আশরাফুলের ভাষ্য, "আমি মাশরাফিকে কৃতিত্ব দিতে চাই। সবসময়ই বাংলাদেশের জেতার সময় দেখবেন, মাশরাফির প্রথম ওভার বা স্পেল ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেয়। অবম্যই এই জয়ে ১১ জনের কৃতিত্ব আছে। তবে মাশরাফির প্রথম স্পেলের সময়ই বোঝা যাচ্ছিল কিছু একটা হতে পারে।" হয়ে গেল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় জয়। ২০০৬ সালে বাংলাদেশ সফরে এসেও বগুড়ায় হারের মুখ দেখেছিল লঙ্কানরা। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজে হারের স্মৃতিচারণ করতে গিয়ে সেই ম্যাচের ভুলগুলো এই ম্যাচেও দেখেছেন মাহেলা জয়াবর্ধনে, "ওই ম্যাচেও আমরা পুরো ৫০ ওভার ব্যাট করতে পারিনি। এবং বাংলাদেশ খুব ভালো চেজ করেছিল। ওয়ানডেতে দলগুলো অনেক ভুল করলে আর ফিরে আসার উপায় থাকে না। আমাদের ক্ষেত্রে আজ তাই হয়েছে।" তবে বাংলাদেশেরও ভাগ্য ভালো যে এবার ম্যাচ শুরুর আগেই তারা সঠিক সমীকরণ জেনেই নেমেছে। আগেরদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেই জানানো হয়েছিল, শ্রীলঙ্কাকে হারালেই ফাইনালে চলে যাবে বাংলাদেশ। কারণ রানরেটে নাকি তারা প্রোসপার উতসেয়ার দলের চেয়ে এগিয়ে আছে। কিন্তু ম্যাচের দিন সকালে জানানো হলো বোনাস পয়েন্ট নিয়ে জিতলেই কেবল ফাইনালে যাবে আশরাফুলের দল। সেজন্য শ্রীলঙ্কার রান তাড়া করে জিতলেই শুধু হবে না, রানরেটটা হতে হবে তাদের চেয়ে সোয়াগুণ (১.২৫) বেশি। তাই বাংলাদেশের জন্য দাঁড়ায় ২৪.৫ ওভারে জেতার সমীকরণ। সেই জয়টা ২৩.৫ ওভারেই এসে যাওয়ায় বলা হচ্ছে- ৬ বল বাকি থাকতেই জিতেছে বাংলাদেশ। কিন্তু ৩১ ওভারের ম্যাচে জিতেছে তো আসলে ৪৩ বল বাকী থাকতে। এটাতে তো অনায়াস এক জয়ই বলতে হয়! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪৫ঘ.