মুম্বাই, ১৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুজনই ওপেনার, দুজনই আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রতিচ্ছবি। তবু আন্তর্জাতিক ক্রিকেটকে সদ্য বিদায় জানানো ম্যাথু হেইডেনের প্রতিভার গুণমুগ্ধ ভক্ত বীরেন্দর শেবাগ। শুধু তাই নয়, শেবাগের দৃঢ় বিশ্বাস হেইডেনের বিকল্প খুঁজে পাওয়া প্রায় অসম্ভবই অস্ট্রেলিয়ার জন্য।
১০৩ টেস্টে ৫০.৭৩ গড়ে ৮,৬২৫ রান, সেঞ্চুরি ৩০টি। পরিসংখ্যানেই পরিষ্কার হেইডেনের ক্যারিয়ার কতটা বর্ণাঢ্য। এমন একজন ব্যাটসম্যানের খেলা সামনে থেকে দেখতে পেরে শেবাগ নিজেও দারুণ অভিভূত। মুম্বাইয়ের 'ডিএনএ' পত্রিকার সঙ্গে হেইডেন সম্পর্কে কথা বলতে গিয়ে তাই কিছুটা বিস্ময়ই ফুটে উঠলো 'বীরু'র কণ্ঠে, "আমার ক্যারিয়ারে তার মানের আক্রমণাত্মক ব্যাটসম্যান আর দেখিনি। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আগামী আট বছরে ২০টি সেঞ্চুরি করতে পারে এমন ওপেনার অস্ট্রেলিয়া কিছুতেই খুঁজে পাবে না।"
তিনি নিজেও ব্যাটে ঝড় তোলায় পারদর্শী। কিন্তু নিজের চেয়ে হেইডেনকে অনেকখানি এগিয়ে রেখে শেবাগের মন্তব্য, "আপনারা আমার ক্যারিয়ারের দিকে তাকালে দেখতে পারবেন যে আট বছর ধরে খেলে আমি মাত্র ১৫টা সেঞ্চুরি করতে পেরেছি।" সেই সঙ্গে তার বিশ্বাস হেইডেনকে ভীষণ মিস করবে অস্ট্রেলিয়া, "শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রার অবসরের মতোই তার (হেইডেনের) অনুপস্থিতি (অস্ট্রেলিয়া) অনুভব করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯১০ঘ.
bdnews24