লন্ডন, ৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোচ পিটার মুরসের সঙ্গে অধিনায়ক কেভিন পিটারসেনের দ্বন্দ্ব গত কয়েকদিনে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ইংল্যান্ডের ক্রিকেট অঙ্গনে। সেই আলোচনার সমাপ্তি হয়েছে দুজনেরই পদত্যাগের মধ্য দিয়ে। বুধবার ইংল্যান্ড অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন পিটারসেন, আর তাই ওই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই মুরসও জানা গেছে পদত্যাগ করেছেন মুরসও।
গত বছর মাইকেল ভনের উত্তরসূরী হিসাবে অধিনায়কের দায়িত্ব পাওয়া পিটারসেন ও মুরসের ঝামেলা নিয়ে মঙ্গলবার একটি জরুরি টেলিকনফারেন্স ডেকেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে সেই সভায় দুজনের মধ্যে সমঝোতা করাতে পারেনি তারা। উল্টো এ মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটানো পিটারসেন জানিয়ে দেন তার পক্ষে আর দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই নতুন বছরের শুরুতেই আবার অধিনায়কের খোঁজে নেমে পড়তে হচ্ছে ইসিবি-কে।
গত বছর দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজে হার নিশ্চিত হওয়ার পর শেষ টেস্টে অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন পিটারসেন। ওই টেস্ট জয়ের পর ওয়ানডে সিরিজে সেই দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে ইংলিশ ক্রিকেটে পালাবদলের আভাস দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাতে জন্ম নেওয়া এই হার্ড হিটিং ব্যাটসম্যান। কিন্তু বছর ঘোরার আগেই অনাকাক্সিক্ষতভাবে তার বিদায় ইংলিশ ক্রিকেটে বড় এক ধাক্কা হয়ে এলো।
ইংল্যান্ডের টেস্ট দলে পিটারসেনের উত্তরসূরি হিসেবে অ্যান্ড্রু স্ট্রসের নাম আলোচিত হচ্ছে, কিন্তু তিনি ওয়ানডে দলে না থাকায় ওয়ানডে অধিনায়ক কে হবেন সেটা এখনো অনিশ্চিত।
আর মুরসের জায়গায় তার সহকারি সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ারকে আগামী মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য অন্তবর্তী কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ক্রিকইনফো ওয়েবসাইট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসএইচ/১৯২৫ ঘ.
bdnews24