করাচি, ৩০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিরাপত্তাহীনতার আশঙ্কায় পাকিস্তান সফরে যেতে অস্ট্রেলিয়ার ঘোর আপত্তি। অথচ একের পর এক বোমা হামলার পরও ভারত সফর করতে তাদের আপত্তি নেই। অস্ট্রেলীয়দের এমন 'দ্বৈত-নীতি'তে পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী নাজামুদ্দিন খান ভীষণ ক্ষুব্ধ। অক্টোবরে আইসিসি'র নির্বাহী বোর্ডের সভায় এ ব্যাপারে প্রশ্ন তোলার কথাই জানিয়েছেন তিনি।
গত মার্চে পাকিস্তান সফরে আসতে রাজি হয়নি অস্ট্রেলিয়া। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের আপত্তির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিও হতে পারেনি পাকিস্তানে। অস্ট্রেলীয়দের পাকিস্তানে আসতে না চাওয়ার একটাই কারণ --- নিরাপত্তা না পাওয়ার আশঙ্কা। আত্মঘাতী বোমা হামলায় এ বছর তো কম মানুষের মৃত্যু হয়নি সেখানে! অবশ্য ভারতও এখন একই সমস্যায় আক্রান্ত। যদিও দিল্লীতে ১৩ সেপ্টেম্বর সিরিজ বোমা ও গত শনিবার একটি ব্যস্ত মার্কেটে আবারো বোমা হামলায় বহু লোক হতাহত হলেও ভারত সফর বাতিল করার কথা চিন্তাও করেনি অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। এমনকি দিল্লীতে টেস্ট খেলতেও এখনো পর্যন্ত আপত্তি জানায়নি তারা।
পাকিস্তানের সংবাদভিত্তিক টিভি চ্যানেল 'জিও'র সঙ্গে কথা বলার সময় ভারত ও পাকিস্তান সফর সম্পর্কে অস্ট্রেলীয়দের সম্পূর্ণ ভিন্ন ধরনের ভূমিকা নিয়ে তাই বিরক্তি চেপে রাখতে পারেননি নাজামুদ্দিন খান "অস্ট্রেলিয়া ভারতে খেলতে পারছে। যদিও দুর্ভাগ্যজনকভাবে সেখানে বোমা হামলা হচ্ছে। কিন্তু তারা পাকিস্তান সফরে আসতে অস্বীকৃতি জানিয়েই যাচ্ছে।"
আগস্টে নাসিম আশরাফ পদত্যাগ করার পর থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদটি এখনো শূন্য। পিসিবিও এখন পাকিস্তানের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে। ক্রীড়ামন্ত্রী হিসাবে তাই আইসিসি'র সভায় দেশের প্রতিনিধিত্ব করবেন নাজামুদ্দিন খান। সে সভাতেই অস্ট্রেলীয়দের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার কথা জানালেন তিনি, "আমি এই ইস্যু আইসিসি'র (সভায়) তুলবো। অস্ট্রেলীয়দের সঙ্গেও কথা বলবো। আমার মনে হচ্ছে তারা (অস্ট্রেলিয়া) দ্বৈত-নীতি মেনে চলছে। এবং পাকিস্তান ও ভারতের জন্য সম্পূর্ণ ভিন্ন নীতিমালা অনুসরণ করছে। আমাদের ক্রিকেটের জন্য যা খুবই অন্যায্য।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮২৩ঘ.
bdnews24