২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে আইসিএল-এর সঙ্গে আলোচনায় বসতে রাজি আইসিসি

বাংলাদেশের ১৩ জন ক্রিকেটারের আইসিএলে যোগ দেয়ার ঘটনায় এখনো আলোড়িত ক্রিকেট বিশ্ব। সেই আলোড়নে যোগ হলো আরেকটি অনুষঙ্গ। অনুমোদন না পাওয়া এই 'বিদ্রোহী' ক্রিকেট লিগের সঙ্গে অবশেষে আলোচনায় বসতে রাজি হয়েছে আইসিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 04:09 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

মুম্বাই, ২৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাংলাদেশের ১৩ জন ক্রিকেটারের আইসিএলে যোগ দেয়ার ঘটনায় এখনো আলোড়িত ক্রিকেট বিশ্ব। সেই আলোড়নে যোগ হলো আরেকটি অনুষঙ্গ। অনুমোদন না পাওয়া এই 'বিদ্রোহী' ক্রিকেট লিগের সঙ্গে অবশেষে আলোচনায় বসতে রাজি হয়েছে আইসিসি। ভারতের সবচেয়ে বড় মিডিয়া প্রতিষ্ঠান 'জি টেলিফিল্মস লিমিটেড' পৃষ্ঠপোষক হলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে আইসিএল এখনো অনুমোদন পায়নি। আইসিএল কর্তৃপক্ষ অবশ্য অনুমোদন চেয়ে অনেক আগেই আবেদন জানিয়েছে আইসিসি'র কাছে। সেই আবেদনের প্রেক্ষিতেই এই আলোচনা। বৃহস্পতিবার এক বিবৃতিতে আইসিসি'র প্রেসিডেন্ট ডেভিড মরগ্যান জানিয়েছেন, "অনুমোদনের অনুরোধ জানিয়ে আইসিসি'র কাছে আগেই চিঠি লিখেছিল আইসিএল। এখন তারা মিটিংয়ের জন্য অনুরোধ করেছে, আর তাতে আমরা রাজিও হয়েছি।" আলোচনাটা কবে হবে সেটা অবশ্য জানায়নি আইসিসি। তবে লন্ডনে সুবিধাজনক সময়েই তা হওয়ার কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যেদিনই হোক আইসিএল নিয়ে চলমান অচলাবস্থা আর বিতর্কের অবসান হওয়ার আশা এখন করাই যায়। বলা যায় আইসিএল কর্তৃপক্ষের জন্য এই আলোচনা অন্ধকারে এক টুকরো আলোর রেখা! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৪৫ঘ.