ওয়েলিংটন, ২৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের বিপক্ষে সিরিজে নিউজিল্যান্ডই যে ফেভারিট তাতে কারো সন্দেহ থাকার কথা নয়। তাহলেও বাংলাদেশকে হালকাভাবে দেখতে রাজি নন ড্যানিয়েল ভেট্টোরি। কিউই অধিনায়ক বরং আগামী মাসে অনুষ্ঠেয় টেস্ট ও ওয়ানডে সিরিজ দুটোকে দারুণ গুরুত্বের সঙ্গেই নিচ্ছেন। সেই সঙ্গে সতীর্থদের বাংলাদেশের সঙ্গে আত্মপ্রসাদে না ভোগার নির্দেশও দিয়েছেন তিনি।
"বাংলাদেশের বিপক্ষে রান বা উইকেট না পাওয়ার আশঙ্কায় কেউ নার্ভাস হয়ে পড়তে পারে। যে কারণে সে হয়তো তার স্বাভাবিক খেলাটা খেলতে ব্যর্থও হতে পারে। তাই তারা যেন প্রস্তুতিতে কোনো রকম ঘাটতি না রাখে সেজন্য তাদের মধ্যে অনুপ্রেরণা সঞ্চার করতে হবে। রান করা ও উইকেট নেয়ার জন্য তাদের অনুপ্রাণিতও করতে হবে। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছে এমন প্রস্তুতিই নিতে হবে তাদের"--- বৃহস্পতিবার প্র্যাকটিসের ফাঁকে সতীর্থদের উদ্দেশে ভেট্টোরির হুঁশিয়ারি।
বাংলাদেশ সফরে বিশেষ একজনের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকবেন নিউজিল্যান্ড অধিনায়ক। তিনি জেসি রাইডার। গত ফেব্র"য়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত অভিষেক হয়েছিল এই বাঁহাতি হার্ডহিটিং ব্যাটসম্যানের। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪৯ গড়ে ১৯৬ রান করে হৈ-চৈ ফেলে দেয়া রাইডার মাঠের বাইরের এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়েও কম আলোড়ন তোলেননি। ঐ সিরিজশেষে একটি বারে গন্ডগোলে জড়িয়ে জানালার কাচে ঘুষি মেরে হাতে মারাত্মক ব্যথা পেয়েছিলেন তিনি। যে কারণে মিস করেছেন ইংল্যান্ড সফর।
সেই লজ্জাজনক ঘটনার পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি রাইডার। তবে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট-ওয়ানডে দুটো দলেই আছেন তিনি। বারের ঐ ঘটনার পর তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা ভেট্টোরির বিশ্বাস আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য বাংলাদেশই হবে রাইডারের জন্য সবচেয়ে ভালো জায়গা, "ঘরের মাঠে সিরিজ দিয়ে ফিরতে হলে সেটা জেসির জন্য খুব কঠিন হয়ে দাঁড়াতো। সে খেলার জন্য এবং নিজেকে প্রমাণ করার জন্য ভীষণ আকুতি জানাচ্ছিল। সেটা শুধু একজন ক্রিকেট খেলোয়াড় হিসাবেই নয়, মাঠের বাইরে বিতর্কিত ঘটনাকে চাপা দেয়ার জন্যও। দলও চাইছে সে যেন খুব ভালো একজন খেলোয়াড় হয়ে ওঠে। ইংল্যান্ডের বিপক্ষে তার পারফরম্যান্স দলের জন্যও ছিল এক বিশাল অনুপ্রেরণা।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১০৫ঘ.
bdnews24