ঢাকা, ১১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউজিল্যান্ড দলের আসার কথা ছিল ৪ অক্টোবর। কিন্তু তার চার দিন আগে অর্থাৎ ৩০ সেপ্টেম্বরই বাংলাদেশ সফরে চলে আসছে কিউইরা। এই সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে তারা।
৩০ তারিখে এলেও নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ ৭ অক্টোবর। সেটা অবশ্য ওয়ানডের প্রস্তুতি ম্যাচ। তার দুদিন পর অর্থাৎ ৯ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ১১ তারিখ দ্বিতীয় ওয়ানডের ভেন্যুও একই।
এর পর দিন অর্থাৎ ১২ অক্টোবর চট্টগ্রামে চলে যাবে নিউজিল্যান্ড। সেখানে ১৪ তারিখে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দু দল। ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টও হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে। দু দল এর পর ঢাকায় ফিরে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে। এই টেস্ট শুরু হবে ২৫ অক্টোবর থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১২৬ঘ.
bdnews24