করাচি, ১০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খেলার অভাবই এখন পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা। সেজন্য অবশ্য তারা দায়ী নয়। নিরাপত্তাহীনতার আশঙ্কায় দু-দুটো গুরুত্বপূর্ণ সিরিজ ও টুর্নামেন্ট স্থগিত হওয়ার পেছনে তাদের তো কোনো দোষ নেই। তবে দোষ যার বা যাদেরই হোক, মাঠে নামতে না পারার যন্ত্রণায় পাকিস্তানের ক্রিকেটাররা ভীষণ কাতর। পাকিস্তানের অধিনায়ক হওয়ায় যন্ত্রণাটা শোয়েব মালিকের একটু বেশিই। একের পর এক সিরিজ স্থগিত হওয়ায় অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে পাকিস্তানের 'একঘরে' হয়ে পড়ার আশঙ্কাও করছেন তিনি!
গত মার্চে নিরাপত্তাহীনতার অজুহাতে অস্ট্রেলিয়া পাকিস্তান সফরে আসেনি। টেস্ট সিরিজটা স্থগিত হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি'র বড় অংকের আর্থিক ক্ষতিও হয়েছে সে সময়। যাহোক, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে সেই ক্ষতি পুষিয়ে দেয়ার আশা করছিল পিসিবি। কিন্তু সেই আশায় গুড়ে বালি! অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ নিরাপত্তা না পাওয়ার আশঙ্কায় পাকিস্তানে আসতে রাজি না হওয়ায় ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্টও এক বছরের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও টুর্নামেন্টটা হবে আগামী বছরের অক্টোবরে।
চ্যাম্পিয়ন্স ট্রফিও স্থগিত হওয়ায় আর সব পাকিস্তানীর মতো মালিকও মর্মাহত। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হতাশাটা প্রকটভাবে ফুটে উঠলো তার কণ্ঠে, "এ বছর দুটো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা স্থগিত হওয়া খেলোয়াড়দের জন্য ভীষণ হতাশাজনক। একটা গুরুত্বপূর্ণ ক্রিকেট খেলুড়ে জাতি হওয়ার পরও এ বছর আমরা কোনো টেস্ট ম্যাচ খেলতে পারিনি। এটা খুব দুঃখজনক ঘটনা।" পাকিস্তানের জন্য ২০০৮ আসলেই ভীষণ হতাশার এক বছর। গত ডিসেম্বরে ভারত সফরে সর্বশেষ টেস্ট খেলেছিল তারা। তাদের পরবর্তী টেস্ট সিরিজ ভারতের সঙ্গেই, আগামী জানুয়ারিতে ঘরের মাঠে।
খেলার সুযোগ না পেয়ে বসে থাকতে, থাকতে হতাশ মালিক তাই সমস্যা সমাধানে আইসিসি'র হস্তক্ষেপ কামনা করছেন, "এখন আইসিসি'র সামনে এগিয়ে এসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার। সরকার নিশ্চয়তা দেয়া সত্ত্বেও দলগুলো পাকিস্তান সফরে আসতে অস্বীকৃতি জানানো অব্যাহত রাখলে তো আমরা একটি বিচ্ছিন্ন ক্রিকেট জাতিতে পরিণত হবো।"
চ্যাম্পিয়ন্স ট্রফি স্থগিত হওয়ার পর পিসিবি অবশ্য এ মাসেই একটি বিকল্প ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা করেছিল। কিন্তু ইংল্যান্ড সফর থেকে ফেরা খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার উদ্দেশে দক্ষিণ আফ্রিকা সেই টুর্নামেন্টে অংশ নিতে রাজি হয়নি। অনন্যোপায় হয়ে প্রস্তাবিত টুর্নামেন্টটির তৃতীয় দল শ্রীলঙ্কার সঙ্গে পিসিবি একটি ওয়ানডে সিরিজ আয়োজনের চেষ্টা করলেও তা সফল হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯২৬ঘ.
bdnews24