২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট বোর্ডেও 'ট্রুথ কমিশন'!

হিসাবে গরমিল করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি কমিটির সাবেক সদস্য সচিব। ঘটনার প্রায় দুই বছর পর ওই অর্থ তিনি ফেরত দিয়েছেন। স্বপ্রণোদনার কথা বলা হলেও সম্প্রতি গঠিত ট্রুথ কমিশনেও যেখানে দুর্নীতিবাজরা হাজিরা দিচ্ছেন মূলত দুদকের চাপেই, সেখানে বিসিবিতে স্বেচ্ছায় অর্থ ফেরত দেওয়া বেশ বিস্ময়কর। তবে এখানে কাজ হয়েছে ভুয়া ভাউচার ও ভূতুড়ে বিল সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকিতে। মাসুদ পারভেজের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 01:00 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, ১০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- হিসাবে গরমিল করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি কমিটির সাবেক সদস্য সচিব। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, ঘটনার প্রায় দুই বছর পর ওই অর্থ তিনি ফেরত দিয়েছেন। স্বপ্রণোদনার কথা বলা হলেও সম্প্রতি গঠিত ট্রুথ কমিশনেও যেখানে দুর্নীতিবাজরা হাজিরা দিচ্ছেন মূলত দুদকের চাপেই, সেখানে বিসিবিতে স্বেচ্ছায় অর্থ ফেরত দেওয়া বেশ বিস্ময়কর। তবে এখানে কাজ হয়েছে ভুয়া ভাউচার ও ভূতুড়ে বিল সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকিতে। বিসিবিতে তাই অর্থ ফেরত দিতে শুরু করেছেন অনেকে। অবশ্য এজন্য তাদের 'চিহ্নিত অপরাধী' হিসেবে চিহ্নিত করে দূরে সরিয়ে দেওয়া হয়নি। অর্থ ফেরত নিয়ে তাদের জন্য বিসিবির সৎভাবে কাজ করার সুযোগ উন্মুক্ত রাখার বিষয়টা মোটামুটি একটা 'ট্রুথ কমিশন'এর আদলই নিয়ে ফেলেছে যেন। আর এখানে বিচারপতি হাবিবুর রহমান খানের ভূমিকায় আব্দুল মোমেন, যিনি বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান। তাকে বিশেষ একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব পালন করতে গিয়েই পেয়েছেন অর্থ ফেরত পাওয়ার মতো নিত্যনতুন খাতের সন্ধান, "আপনারা জানেন, অতীতের সবধরনের চুক্তি ও লেনদেন খতিয়ে দেখার জন্য একটা বিশেষ পর্যালোচনা কমিটি গঠন করা হয়। সেটার চেয়ারম্যান করা হয় আমাকে। কাজ শুরু করেই যেখানে যেখানে গরমিল আছে, সেখানেই তদন্ত করেছি। সত্যি কথা বলতে কী, তদন্ত করে অস্বচ্ছ অনেক কিছুই ধরতে পেরেছি।" তেমন কিছূ উদাহরণ দিতে গিয়েই তিনি বললেন, "ঢাকার বাইরে কোনো এক জেলায় হয়তো খেলা হয়েছে, কিন্তু বিল জমা পড়েছে ঢাকারই কোনো প্রতিষ্ঠানের প্যাডে। খোঁজ নিয়ে দেখলাম ওই জেলায় ঢাকার প্রতিষ্ঠানটির কোনো শাখাই নেই। এমন অনেক বিলও পেয়েছি যেগুলো কম্পিউটারে তৈরি করে আনা হয়েছে। যা খরচ হয়েছে তার চেয়ে অনেক বেশি অঙ্কের বিল করে করে টাকা নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে অনেক।" ওই টাকা বিসিবির কোষাগারে ফেরত আনার ক্ষেত্রে তাদের শেষপর্যন্ত এমন পন্থাই অবলম্বন করতে হয়েছে, "লেনদেনের অস্বচ্ছতার বিষয়ে আগে নিশ্চিত হয়েই আমরা সংশ্লিষ্ট ব্যক্তিকে ডেকে পাঠাই। এবং অর্থ ফেরত চাই। সেসময় সাফ জানিয়ে দেওয়া হয়, স্বেচ্ছায় ফেরত না দিলে আমরা অন্যভাবে এই টাকা আদায়ের ব্যবস্থা নিতে বাধ্য হব।" অন্যভাবে মানে আইনগত ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত, আর তাতেই কাজ হয়েছে। আব্দুল মোমেন জানাচ্ছেন, তাদের শুদ্ধ হওয়ার সুযোগও দেওয়া হচ্ছে, "এমন নয় যে যারা অর্থ ফেরত দিয়েছেন তাদের আর আমরা কোনো কাজ দিচ্ছি না বা কাজ আটকে রেখেছি। ভুল তো মানুষের হতেই পারে। তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, কাজ করে আপনারা নিজেদের প্রমাণ করেছেন। কিন্তু সেটা সঠিক পদ্ধতিতে নয়। এখন থেকে ভালোভাবে কাজ করুন।" ট্রুথ কমিশনের স্বপ্রণোদিত তথ্য প্রকাশ আইনেও তো এরকম বিধানই আছে। দুর্নীতিবাজরা দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ফেরত দিলে মাফ পাবেন। এবং তাদের নামও গোপন রাখার নিয়ম। বিসিবি'র 'ট্রুথ কমিশন'এর মূল ব্যক্তিও সেই নিয়মের বাইরে যাচ্ছেন না। এমনকি এখন পর্যন্ত কতো টাকা ফেরত আনা গেল, তাও জানাতে রাজী নন আব্দুল মোমেন, "এখনো এরকম আরো দু-চারজনের সঙ্গে আমি কথা বলছি। হয়তো আরো টাকা ফেরত পাওয়া যাবে। তবে টাকার অঙ্কটা আমি জানাতে চাই না। ফেরত যে পাওয়া যাচ্ছে এটাকেই বরং আপনারা ইতিবাচক চোখে দেখুন না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/এমএইচবি/১৮৫৫ঘ.