কলম্বো, ২৮ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরোপুরি সুস্থ ছিলেন না মহেন্দ্র সিং ধোনি। আগের দিনও জ্বর ছিল ভারতের ওয়ানডে অধিনায়কের। কিন্তু বুধবার জ্বর নিয়েই তিনি খেললেন শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে। শুধু খেললেনই না, অধিনায়কোচিত এক ইনিংস দিয়ে গড়ে দিলেন দলের জয়ের ভিত্তি। যে জয় দিয়ে শ্রীলঙ্কার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ও নিশ্চিত হলো ভারতের। এমন 'ঐতিহাসিক' এক জয় পেয়ে ধোনি স্বাভাবিকভাবেই দারুণ উৎফুল্ল। অন্যদিকে দেশের মাটিতে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজে পরাজিত শ্রীলঙ্কান অধিনায়ক হওয়ার তেতো স্বাদ পেয়ে মাহেলা জয়াবর্ধনে ভীষণ হতাশ, বিমর্ষ।
বুধবার ধোনি যখন ক্রিজে এলেন ৮১ রানে তৃতীয় উইকেট হারিয়ে ভারত তখন বেশ অস্বস্তিতে। সেখান থেকে সুরেশ রায়নাকে নিয়ে ১৪৩ রানের জুটি গড়েছেন তিনি, খেলেছেন ৭১ রানের এক কার্যকর ইনিংস। যে ইনিংস খেলার পথে রানার পর্যন্ত নিতে হয়েছে ভারত অধিনায়ককে। শ্রীলঙ্কার বোলারদের চেয়েও জ্বরটা যে অনেক বেশি সমস্যা করছিল ম্যাচশেষে সেটাই জানালেন সবার আগে, "গতকালও (মঙ্গলবার) আমার জ্বর ছিল। আমি পুরোপুরি সেরেও উঠিনি। উষ্ণ আবহাওয়ার চাইতেও আমার শরীরের ভেতর থেকেই যেন বেশি উত্তাপ বেরিয়ে আসছিল। এক সময় তো মনে হচ্ছিল আমার মধ্যে বিস্ফোরণ ঘটবে! মাঠের মধ্যে বেশ সংগ্রাম করতে হয়েছে। তবে হাফ সেঞ্চুরি পাওয়াটা ছিল বড় এক অনুপ্রেরণা। এটা আমাকে এগিয়ে যেতে দারুণ সাহায্য করেছে।"
৭৬ রান করে ম্যাচের সেরা নির্বাচিত সুরেশ রায়নার প্রশংসা করলেও শেষ দিকের ব্যাটিং ধোনির মন ভরাতে পারেনি। তারপরও সব মিলিয়ে দলের পারফরম্যান্সে তিনি খুশি, "সুরেশ (রায়না) খুব ভাল ব্যাট করেছে। তবে আমরা দু জনে অল্প সময়ের ব্যবধানে আউট হয়েছি। আমাদের মধ্যে যে কোনো এক জন শেষ পর্যন্ত থাকতে পারলে আমরা সহজেই আরো ২০/৩০ রান যোগ করতে পারতাম। শেষ ১০ ওভারে আমরা খুব বেশি রান করতে পারিনি। এই ম্যাচে এটাই ছিল আমাদের সবচেয়ে নেতিবাচক দিক। তবে সব মিলিয়ে আমাদের পারফরম্যান্সে আমি খুশি।" পেসারদের পারফরম্যান্সেও তিনি খুশি, "শুরুতে উইকেট পাওয়া খুবই জরুরী। আমি মনে করি জহির (খান) ও প্রবীন (কুমার) নতুন বল খুব ভালো ভাবে নিয়ন্ত্রণ করেছে। এই ম্যাচে প্রবীন কোনো উইকেট না পেলেও মুনাফ (প্যাটেল) এগিয়ে এসে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে।"
ধোনির ঠিক বিপরীত অবস্থা জয়াবর্ধনের। টানা তিন ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য সিরিজ হারিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক একেবারে মর্মাহত, "আমরা যেভাবে খেলেছি তা খুবই হতাশাজনক। আমাদের মধ্যে কোনো ধারাবাহিকতা ছিল না। বিশেষ করে ব্যাটসম্যানদের মধ্যে। ভালো রান করতে না পারলে ম্যাচ জেতা খুবই কঠিন।" তবে হতাশ হলেও প্রতিপক্ষের প্রশংসা করতে কোনো কার্পণ্য করেননি তিনি, "ভারতের জয়কে খাটো করে দেখা যাবে না কিছুতেই। ওরা টস জিতেছে, বোর্ডে যথেষ্ট রান জমা করেছে আর একের পর এক উইকেট তুলে নিয়ে আমাদের চাপের মধ্যে ফেলে দিয়েছে।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৩৫ঘ.
bdnews24