ব্রিসবেন, অস্ট্রেলিয়া, ২৫ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সঙ্গে সিরিজটা যে অস্ট্রেলীয়দের কাছে তেমন গুরুত্বপূর্ণ নয় তা প্রমাণিত হলো আরেক বার! রিকি পন্টিং, ব্রেট লি'র পর ম্যাথু হেইডেনও খেলছেন না আগামী শনিবার থেকে ডারউইনে শুরু হতে যাওয়া তিন ওয়ানডের সিরিজে। গোড়ালির চোট থেকে সেরে ওঠার জন্য হেইডেনকে এই সিরিজে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তৃপক্ষ।
আগামী অক্টোবরে চার টেস্টের সিরিজ খেলতে ভারত সফরে যাবে অস্ট্রেলিয়া। কঠিন সিরিজটার আগে দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যানকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বিশ্ব চ্যাম্পিয়নরা। হেইডেনের গোড়ালির ক্ষতিগ্রস্ত টেন্ডনকে বিশ্রাম দেয়ার লক্ষ্যে তাকে বাংলাদেশের সঙ্গে সিরিজে না রাখার পরামর্শ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকিৎসক দল। তাছাড়া হেইডেনের শহর ব্রিসবেন থেকে ডারউইনের সাড়ে তিন ঘন্টার বিমানযাত্রাও তার জন্য ক্ষতিকর হতে পারে। সব দিক বিবেচনা করেই তাকে বিশ্রাম দেয়া হচ্ছে।
এর আগে চোটের জন্য পন্টিংও সরে দাঁড়িয়েছেন এই সিরিজ থেকে। আর ব্রেট লি ব্যক্তিগত কারণে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
পন্টিংয়ের অনুপস্থিতিতে মাইকেল ক্লার্ক নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়া দলের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯২০ঘ.
bdnews24