ব্রিসবেন, অস্ট্রেলিয়া, ২৫ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের ক্রিকেটাঙ্গনে এখন স্বস্তির বাতাবরণ। স্বস্তিটা চ্যাম্পিয়ন্স ট্রফি স্থগিত হয়ে যাওয়ার জন্য। সহিংসতা আর দাঙ্গা-বিক্ষোভের জন্য ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে আসতে আপত্তি জানাচ্ছিল দুটো দেশই। শেষ পর্যন্ত আইসিসি ১৩ মাসের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি স্থগিত করার সিদ্ধান্ত নেয়ায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বাকি সব ক্রিকেটারের মতো মাইকেল ক্লার্কও দারুণ খুশি। খুশি দুই তাসমান প্রতিবেশীর ক্রিকেট কর্তৃপক্ষও। সিদ্ধান্তটাকে স্বাগতই জানাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের সঙ্গে সিরিজের প্রস্তুতি নিতে অস্ট্রেলিয়া দল এখন ব্রিসবেনে। সেখানেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্থগিত হওয়ার 'সুখবর' পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন এই সিরিজে বিশ্ব চ্যাম্পিয়নদের নেতৃত্ব দিতে যাওয়া মাইকেল ক্লার্ক, "আমরা (পাকিস্তানে) যাচ্ছি নাকি যাচ্ছি না শুধুমাত্র তা জানতে পারাই সব খেলোয়াড়ের জন্য হতো একটা দারুণ খবর। সেই সঙ্গে আমি মনে করি (এই সিদ্ধান্তে) সবাই এখন খুশি। আমরা জানতাম যে আইসিসি, ক্রিকেট অস্ট্রেলিয়া আর এসিএ (অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন) মিলে একটা সঠিক সিদ্ধান্ত নেবে। অবশেষে তারা সেটা নিয়েছে।" উচ্ছ্বাসের পাশাপাশি আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ধরে প্রত্যয়ও জানালেন তিনি,"এই টুর্নামেন্টের শিরোপা এখন অস্ট্রেলীয়দের দখলে। যখন টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে আমরা ট্রফি ধরে রাখার প্রতিজ্ঞা নিয়েই খেলতে নামবো। তবে এখন আইসিসির সিদ্ধান্তের জন্য আমাদের দলের খেলোয়াড়রা দারুণ নির্ভার।"
ক্লার্কের মতো অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের ক্রিকেট কর্তৃপক্ষও গলার-কাঁটা-হয়ে-থাকা চ্যাম্পিয়ন্স ট্রফির স্থগিতের ঘোষণায় উচ্ছ্বসিত, নির্ভার। নিউজিল্যান্ডের ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন আগেই সংগঠনটির সদস্যদের পাকিস্তানে না যাওয়ার পরামর্শ দিয়েছিল। তাই নিউজিল্যান্ড ক্রিকেটকেও (এনজেডসি) হয়তো দক্ষিণ আফ্রিকার মতো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে হতো। শেষ পর্যন্ত পিসিবি'র মন ভেঙ্গে দেয়া সিদ্ধান্তটা নিতে হয়নি বলেই বেশি খুশি এনজেডসি'র প্রধান নির্বাহী জাস্টিন ভন। অবশ্য পিসিবি'র প্রতি সহানুভূতি জানাতেও তিনি ভোলেননি, "টুর্নামেন্টটা স্থগিত হওয়া সত্যিই হতাশাজনক ঘটনা। যদিও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই নেয়া হয়েছে সিদ্ধান্তটা। পাকিস্তান সম্পর্কে যে সব নিরাপত্তা বিষয়ক পরামর্শ এসেছে তার পরে সেখানে এই টুর্নামেন্ট আয়োজন খুব কঠিনই হয়ে দাঁড়াতো।"
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) মুখপাত্র পিটার ইয়াংও চ্যাম্পিয়ন্স ট্রফি স্থগিত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, "পরিস্থিতির কারণেই সিদ্ধান্তটা খুব যুক্তিসঙ্গত হয়েছে।" প্রায় মাস খানেক আগেই যে সিএ আইসিসিকে গোপনে পাকিস্তানে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছিল সেই তথ্যও ফাঁস করে দিয়েছেন ইয়াং!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৩১ঘ.
bdnews24