টরন্টো, ২৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কানাডার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের জয় কোনো বড় ঘটনা নয়। কিন্তু জাভিয়ের মার্শালের ১২টা ছক্কা অবশ্যই বড় ঘটনা। এটাই যে ওয়ানডেতে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড!
এত দিন ১১টি ছক্কা নিয়ে যৌথভাবে রেকর্ডটার মালিক ছিলেন সনাৎ জয়াসুরিয়া ও শহীদ আফ্রিদি। ১৯৯৬এর এপ্রিলে সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ৪৮ বলে সে সময়ের দ্রুততম সেঞ্চুরি করার পথে এই রেকর্ড গড়েছিলেন জয়াসুরিয়া। মাস ছয়েক পর নাইরোবিতে শ্রীলঙ্কার সঙ্গেই ৩৭ বলে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড (যা এখনো অটুট) গড়া আফ্রিদিও মেরেছিলেন ১১টি ছক্কা।
শুক্রবার ত্রিদেশীয় কানাডা কাপে ১২টি ছক্কা মেরে রেকর্ডটা নিজের করে নিলেন ওয়েস্ট ইন্ডিজের ২২ বছর বয়সী ব্যাটসম্যান মার্শাল। তার ১১৮ বলে ১৩৪ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৪ উইকেটে ৩০৩ রানের বড় সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে কানাডা ২৫৪ রানে অলআউট হয়ে গেলে ৪৯ রানের জয় পায় ক্যারিবীয়রা। রোববার ফাইনালে এই দু দলই মুখোমুখি হবে আবার। এর আগে দু দলই হারিয়েছিল বারমুডাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৪৩ঘ.
bdnews24