লন্ডন, ৮ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- টসটা যদিও জিততে পারেননি, কিন্তু ইংল্যান্ড অধিনায়ক হিসেবে অভিষেকের দিনটা ভালোই কেটেছে কেভিন পিটারসেনের। ওভাল টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৯৪ রানে অলআউট করে দিয়েছে পিটারসেনের দল। তারপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনশেষে অ্যান্ড্রু স্ট্রাউসের (৬) উইকেট হারিয়ে ৪৯ রান করেছে স্বাগতিকরা। অ্যালিস্টার কুক ২০ ও ইয়ান বেল ২২ রানে অপরাজিত।
অথচ দিনের শুরুটা কিন্তু অন্য রকমই ইঙ্গিত দিচ্ছিল। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ঘণ্টাটা অনায়াসেই কাটিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা, বৃষ্টির কারণে আগে-ভাগেই লাঞ্চ বিরতি নেওয়ার সময় তাদের স্কোর ছিল ১ উইকেটে ৬৪। সফরকারীদের দ্বিতীয় উইকেট পড়েছে ১০৩ রানে। তবে ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করে অধিনায়ক গ্রায়েম স্মিথ আউট হয়ে যাওয়ার পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। কৃতিত্বটা এককভাবে ইংল্যান্ডের কোনো বোলারকে দেওয়া যাবে না, তাদের সবারই অবদান ছিল এতে। সর্বোচ্চ তিন উইকেট পেয়েছেন জিমি অ্যান্ডারসন। এছাড়া স্টুয়ার্ট হার্মিসন, স্টুয়ার্ট ব্রড আর মন্টি পানেসার পেয়েছেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: প্রথম ইনিংস ১৯৪ (স্মিথ ৪৬, ম্যাকেঞ্জি ১৭, আমলা ৩৬, ক্যালিস ২, প্রিন্স ৪, ডিভিলিয়ার্স ৩৯, বাউচার ৩, মরকেল ১৭, হ্যারিস ১৩*, নেল ৪, এনটিনি ৯; হার্মিসন ২/৪৯, অ্যান্ডারসন ৩/৪২, ফ্লিন্টফ ১/৩৭, ব্রড ২/৬০, পানেসার ২/০৪)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১২৪০ঘ.
bdnews24