ঢাকা, ২ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষটা কিছুক্ষণের জন্য পাঠশালা হয়ে উঠেছিল যেন। যে পাঠশালায় দক্ষিণ আফ্রিকাগামী একাডেমী দলের ক্রিকেটারদের নিজ নিজ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন মোহাম্মদ রফিক এবং খালেদ মাসুদ পাইলট। অবশ্য অভিজ্ঞতার কথা শোনানোতেই সব শেষ হয়ে যাচ্ছে না। এখন থেকে ঘনঘন তাদের হাতে-কলমে স্পিন বোলিং ও উইকেটকিপিংয়ের শিক্ষাটাও দিতে হবে দেশের আগামী প্রজন্মের ক্রিকেটারদের। এই দু'জনের পাশাপাশি বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে ব্যাটিং পরামর্শক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট কমিটি।
বাংলাদেশ ক্রিকেটের এই তিন কিংবদন্তী কাজ করবেন একাডেমী, বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল এবং অন্যান্য বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের নিয়ে। আগামী দিনের ক্রিকেটার তৈরিতে তাদের কাজে লাগানোর চিন্তার কথা জানাতে গিয়ে গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান শাকিল কাশেম বলেছেন, "এরা তিনজনই আমাদের দেশের সম্পদ। আমিনুল দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। দেশকে সবচেয়ে বেশি সার্ভিস দেওয়া উইকেটকিপার মাসুদ। আর কিছুদিন আগেই অবসরে যাওয়া রফিক টেস্টে এক শ' উইকেট পাওয়া প্রথম বাংলাদেশী বোলার। হাতের কাছেই ওরা থাকতে আমরা ওদের কাজে লাগাবো না কেন?"
বিসিবির এমন সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) কান্ট্রি ডেভলপমেন্ট অফিসার (সিডিও) পদে কর্মরত বাংলাদেশের সাবেক এই অধিনায়ক কাজ করেন চীন, মায়ানমার ও ব্র"নাইয়ের ক্রিকেট নিয়ে। অবশ্য এখন মালয়েশিয়ায় অবস্থান করা আমিনুল বললেন, "কাজের ফাঁকে আমি তো প্রায়ই দেশে আসি। সেসময় এমনকি আবাহনীকেও কোচিং করিয়ে গেছি। তাছাড়া বাংলাদেশের আগামী দিনের ক্রিকেটারদের নিয়ে কাজ করার ব্যাপারটা বেশ উপভোগ্যই হওয়ার কথা। সময়-সুযোগ হলে অবশ্যই কাজ করবো। আর আমার চাকরিদাতা এসিসির তরফ থেকেও এ ধরনের কাজে কোনো বাঁধা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১০২ঘ.
bdnews24