২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে বেতনভুক্ত হচ্ছেন আম্পায়াররাও

এর আগেও একবার আম্পায়ারদের বেতনভুক্ত করার প্রস্তাব বোর্ডের অনুমোদন পেয়ে গিয়েছিল। কিন্তু মাহবুব আনামের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটি একযোগে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর পর সেটির বাস্তবায়ন ফেঁসে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2008, 04:31 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, ১৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এর আগেও একবার আম্পায়ারদের বেতনভুক্ত করার প্রস্তাব বোর্ডের অনুমোদন পেয়ে গিয়েছিল। কিন্তু মাহবুব আনামের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটি একযোগে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর পর সেটির বাস্তবায়ন ফেঁসে যায়। বিষয়টা এভাবেই ঝুলে ছিল প্রায় দুই বছর। আশার কথা, অবশেষে বেতনভুক্ত হওয়ার স্বস্তি পেতে যাচ্ছেন ছয় জন আম্পায়ার। গত ১৬ জুলাইয়ের সভায় বিসিবির অ্যাডহক কার্যনির্বাহী কমিটি আম্পায়ারদের বেতন দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে বলে নিশ্চিত করেছেন বোর্ডসদস্য গাজী আশরাফ লিপু। আপাতত ছয় জন আম্পায়ারকে বেতন কাঠামোয় নিয়ে আসছে বিসিবি। এদের মধ্যে বাংলাদেশের তিন সদস্যের আন্তর্জাতিক আম্পায়ার্স প্যানেলের দু'জন আছেন। তারা হলেন, আম্পায়ারিংয়ে আসা প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র টেস্ট ক্রিকেটার এনামুল হক মনি ও নাদির শাহ। অন্যজন আখতারউদ্দিন শাহীনের না থাকার কারণ তিনি একটি বেসরকারী ব্যাংকেরও চাকুরে। আরেক জায়গায় কর্মরত কাউকে নেওয়াটা বিসিবির নিয়োগ নীতির সঙ্গে যায় না বলেই ছয় জনের তালিকা থেকে বাদ পড়েছে শাহীনের নামটা। মনি ও নাদির শাহ'র সঙ্গে আম্পায়ারের চাকরি পাচ্ছেন মিজানুর রহমান মিলন, মাহফুজুর রহমান লিটু এবং তানভীর আহমেদ। এদের প্রত্যেকের জন্য মাসিক ৩০ হাজার টাকা করে বেতন দেয়ার প্রস্তাব করা হয়েছে। আর আম্পায়ারদের প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেতে যাওয়া জিয়াউল ইসলাম মাসুদের বেতন ধরা হয়েছে ২০ হাজার টাকা। রোদে পুড়ে খেলা পরিচালনার তুলনায় অঙ্কটা সামান্য বলে মনে করলেও এই উদ্যোগকে স্বাগতই জানাচ্ছেন ছয় জনের তালিকায় জায়গা না পাওয়া এক আম্পায়ার, "অনেকদিন ধরেই শুনছিলাম আম্পায়ারদের বেতন দেওয়া হবে। একবার বোর্ডের অনুমোদন পেয়ে যাওয়ার পরও বিষয়টা আটকে ছিল বহুদিন। ভালো লাগছে এই ভেবে যে, শুরু তো অন্তত হল।" আর বাংলাদেশের আম্পায়ারিং প্যানেলের একমাত্র টেস্ট ক্রিকেটার এনামুল হক মনি মনে করেন, এর ফলে আম্পায়ারিংকে পেশা হিসেবে নেওয়ার অনুপ্রেরণা বাড়বে। তার বক্তব্য, "আমি পেশাদার আম্পায়ার। কিন্তু সমস্যা হল আমি খেলা হলে টাকা পাই, না হলে নয়। বছরের এই সময়টায় যেমন কোনো খেলাই নেই। বিসিবির এই উদ্যোগ আমার আর্থিক দুঃশ্চিন্তা কাটিয়ে দিল অনেকখানি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯০৪ঘ.