করাচি, ১৪ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তাকে নিয়ে সর্বশেষ ঝামেলা তা শেষ করতে পারতেন শোয়েব আখতার নিজেই। কিন্তু সোমবার তার আইনজীবি জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র শর্ত অনুযায়ী এখন জরিমানার টাকা পরিশোধ করা সম্ভব নয়। ফলে আপাতত ধরে নেয়া যায়, পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে জায়গা হচ্ছে না শোয়েবের। তাতে তাকে ৩০ জনের দলে রেখে পিসিবি যে ঝামেলায় পড়েছিল তা আপাতত চুকলেও নিজের ক্যারিয়ার নিয়ে নতুন করে শঙ্কায় পড়লেন শোয়েব আখতার।
গত বৃহস্পতিবারই শোয়েবকে চ্যাম্পিয়ন্স ট্রফির ৩০ জনের দলে রাখার কথা জানিয়েছিলেন পাকিস্তানের নির্বাচকরা। শুক্রবার ছিল প্রাথমিক দল চূড়ান্ত করার দিন। কিন্তু শোয়েবের জন্য দল ঘোষণা করতে পারেনি পিসিবি। 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' এখনো ৭০ লাখ রুপি জরিমানা পরিশোধ করেননি বলেই প্রাথমিক দল ঘোষণা থেকে পিছিয়ে আসে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির। পিসিবি জানিয়ে দেয়, ওই টাকা পরিশোধ করলেই প্রাথমিক দলে নেয়া হবে শোয়েবকে। তাদের হয়তো আশা ছিল, জরিমানা পরিশোধ করে আগেভাগে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগটা শোয়েব হাতছাড়া করবেন না। সে রকম আশা করে থাকলে ভুল করেছেন তারা। সোমবার আবিদ হাসান মিন্টো এক কথাতেই তা বুঝিয়ে দিয়েছেন। শোয়েব আখতারের আইনজীবি জানিয়েছেন, আদালতের চূড়ান্ত নির্দেশ পাওয়ার আগে জরিমানা পরিশোধের কোনো পরিকল্পনা তাদের নেই, "হাইকোর্টের সিদ্ধান্ত জানার সঙ্গে সঙ্গেই শোয়েব জরিমানার টাকা শোধ করে দেবেন।" বিশ্বের দ্রুততম বোলারকে সেক্ষেত্রে পাকিস্তানের প্রাথমিক দলে বিবেচনা করা হবে না -- এ বিষয়টি মনে করিয়ে দেয়ায় মিন্টো বলেন, "তারা (পিসিবি) যদি মনে করেন জরিমানা পরিশোধ করা দলে সুযোগ পাওয়ার পূর্বশর্ত, সেটা তাদের ব্যাপার। তারা যদি জাতীয় দলে ওর (শোয়েব) প্রয়োজন অস্বীকার করেন, ওর মতো একজন ক্রিকেটারকে যদি দলের বাইরে রাখতে চান, সেটা তাদের সিদ্ধান্ত।"
লাগাতার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত এপ্রিলে শোয়েবকে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছিল পিসিবি। শোয়েব আপিল করলে নিষেধাজ্ঞা ১৮ মাসে কমিয়ে আনে আদালত। গত সপ্তাহে লাহোরের আদালত ১৮ মাসের ওই নিষেধাজ্ঞাকেও স্থগিত করে আগামী সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ জাতীয় দলে খেলতে আপাতত কোনো সমস্যা নেই বিশ্বের অন্যতম দ্রুততম বোলারের। তবে নিষেধাজ্ঞা স্থগিত করলেও জরিমানা বহাল রাখা হয়েছে। আর ওই জরিমানা নিয়েই দেখা দিয়েছে বিপত্তি। আইসিসি গত শুক্রবার প্রাথমিক দল ঘোষণার শেষ সময়সীমা বেধে দিলেও শোয়েব জরিমানা শোধ করেননি বলে ঘোষণাটা দিতে পারেনি পিসিবি। সেদিন এ ব্যাপারে পিসিবির মুখপাত্র জানান, "১৫ জুলাইয়ের মধ্যে দল ঘোষণা করা হবে। কারণ ১৪ জুলাইয়ের মধ্যে জরিমানা শোধ করার জন্য শোয়েব আখতারের কাছে নোটিশ পাঠিয়েছে বোর্ড। দল ঘোষণার জন্য আমরা আইসিসির কাছ থেকে ১৫ তারিখ পর্যন্ত সময় পেয়েছি। শুধু জরিমানা পরিশোধ করলেই শোয়েবের নাম বিবেচনা করা হবে।" পরে প্রাথমিক দল ঘোষণা মঙ্গলবার পর্যন্ত স্থগিত রেখে দ্রুত জরিমানা পরিশোধের জন্য শোয়েব আখতারের কাছে নোটিশ পাঠায় পিসিবি। সেই নোটিশের জবাবে 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'-এর আইনজীবি যা বললেন তাতে বোঝা গেল, সেপ্টেম্বরের আগে জরিমানা পরিশোধ করা হবে না। সেপ্টেম্বরেই শোয়েবের ব্যাপারে আদালতের চূড়ান্ত রায় দেয়ার কথা। চ্যাম্পিয়ন্স ট্রফিও শুরু হবে সেপ্টেম্বরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৫০৩ ঘ.
bdnews24