লন্ডন, ১৩ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হওয়া দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ১ উইকেটে ২০৪ রান। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে প্রোটিয়াদের এমন দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের কারণ দুই ওপেনারের অসামান্য দৃঢ়তা। গ্রায়েম স্মিথ ও নিল ম্যাকেঞ্জির অসাধারণ নৈপুণ্যের জন্যই ৩৪৬ রানে পিছিয়ে থেকে ফলো অনের লজ্জায় পড়া দক্ষিণ আফ্রিকানরা ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখতে পারছে। দারুণ এক অধিনায়কোচিত ইনিংস খেলা স্মিথ আউট হয়েছেন ১০৭ রান করে। ম্যাকেঞ্জি অপরাজিত ৮৫ রানে। ইনিংস পরাজয় এড়াতে আরো ১৪২ রান প্রয়োজন তাদের।
বিনা উইকেটে ১৩ রান নিয়ে শুরু করা দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার রোববার সারা দিনই হতাশায় ডুবিয়েছেন ইংলিশ বোলারদের। কোনো তাড়াহুড়ো না করে, ধীরে-সুস্থে খেলে দু জনে দলকে পৌঁছে দিয়েছেন একটা স্বস্তিকর জায়গায়। পঞ্চদশ টেস্ট সেঞ্চুরিতে পৌঁছাতে স্মিথকে খেলতে হয়েছে ১৮৬ বল, যেখানে বাউন্ডারি ছিল ১১টি। তবে ১০৭ রানে পানেসারের বলে প্রথম স্লিপে কলিংউডকে ক্যাচ দিয়ে বেঁচে গেলেও সুযোগটা তিনি কাজে লাগাতে পারেননি। আর কোনো রান না করেই অ্যান্ডারসনের একটি খাটো লেন্থের বলে ক্যাচ তুলে দিয়েছেন পিটারসেনের হাতে, আর তার ফলেই ভেঙ্গে গেছে ২০৪ রানের উদ্বোধনী জুটি। অন্য প্রান্তে ধৈর্য্যরে প্রতিমূর্তি হয়ে ব্যাট করে যাচ্ছেন ম্যাকেঞ্জি। অধিনায়কের চেয়ে একটি বেশি অর্থাৎ ১২টি চার মারলেও ২৮৫ বল খেলেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২৫১ঘ.
bdnews24