২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাস আগেই শুরু হয়ে যাচ্ছে এবারের বাংলাদেশের প্রস্তুতি

"ভালো রেজাল্ট করতে হলে পরীক্ষার অনেক আগে থেকেই পড়াশোনাটা শুরু করতে হয়"- কানাডার টরেন্টোতে টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টের ঠিক এক মাস আগে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরুর কারণ ব্যাখ্যায় ঠিক এ কথাটাই বললেন রফিকুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 05:02 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, ১৩ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- "ভালো রেজাল্ট করতে হলে পরীক্ষার অনেক আগে থেকেই পড়াশোনাটা শুরু করতে হয়"- কানাডার টরেন্টোতে টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টের ঠিক এক মাস আগে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরুর কারণ ব্যাখ্যায় ঠিক এ কথাটাই বললেন রফিকুল আলম। কানাডা থেকেই অস্ট্রেলিয়া সফরে যাবেন মোহাম্মদ আশরাফুলরা। এই দুটো সফরের জন্য বাংলাদেশ দলও খুব তাড়াতাড়িই ঘোষণা করে দেওয়ার ইচ্ছে প্রধান নির্বাচকের। বলেছেন, "২০ তারিখের (জুলাই) মধ্যেই দল দিয়ে দেব।" তবে দুটো সফরের জন্য দল আলাদা হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি নির্বাচকরা। আলাদা বলতে জনাতিনেক ক্রিকেটার যারা টোয়েন্টি টোয়েন্টির জন্য বিবেচিত হবেন কিন্তু অস্ট্রেলিয়া সফরের জন্য নয়। রফিকুলকে অবশ্য বেশি আগ্রহী মনে হল দুই সফরের জন্য একই দল রেখে দেওয়ার ব্যাপারে, "দল কানাডা থেকে সরাসরি অস্ট্রেলিয়ায় যাবে। সেখান থেকে কয়েকজনকে ফিরিয়ে এনে আবার কয়েকজনকে এখান থেকে অস্ট্রেলিয়ায় পাঠানোর একটা ঝামেলা তো আছেই। তারচেয়ে ১৫/১৬ জনের দল গড়লেই বোধহয় ভালো যেখানে দু'ধরনের ক্রিকেটের জন্যই মানানসই ছেলেরা থাকবে। যদিও এখনো আমরা কোনো সিদ্ধান্তে পৌছাইনি। অচিরেই আমরা (নির্বাচকরা) এসব ঠিক করতে বসছি।" তার আগে সোমবার থেকেই শুরু হয়ে যাচ্ছে কানাডার টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্ট এবং অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি। পুরো দলের না বলে এখানে অংশবিশেষের বলা ভালো। কারণ এশিয়া কাপের দলে থাকা তামিম ইকবাল, নাজিমউদ্দিন, রকিবুল হাসান, মুশফিকুর রহিম, মোশাররফ হোসেন রুবেল এবং ডলার মাহমুদরা এখন ইংল্যান্ডে বাংলাদেশ 'এ' দলের সঙ্গে। এইচএসসি পরীক্ষাশেষে সাকিব আল হাসানও সঙ্গী হয়েছেন তাদের। তাই জেমি সিডন্সকে প্রস্তুতি শুরু করতে হচ্ছে মাত্র আটজন ক্রিকেটারকে নিয়ে। আশরাফুলকে বাদ দিলে সংখ্যাটা সাত। কয়েকদিন ভাইরাস জ্বরে ভোগার পর এখনো প্রস্তুতিতে নেমে পড়ার মতো অবস্থায় ফেরেননি বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিজেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮২৫ঘ.