লন্ডন, ১২ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চা বিরতির পরই ডিভিলিয়ার্সও (৪০) আউট। তাতে শনিবার লর্ডস টেস্টের তৃতীয় দিনে ১৬৬ রানে ৫ উইকেট হারানোয় দক্ষিণ আফ্রিকা পড়েছে আরো বড় বিপদে। মার্ক বাউচারকে (৪*) নিয়ে ফলোঅন এড়ানোর লড়াইটা নতুন করে শুরু করেছেন অ্যাশওয়েল প্রিন্স (৫৪*)। আগের দিন ইয়ান বেল (১৯৯) আর কেভিন পিটারসেনের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৫৯৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড।
লাঞ্চের আগে ৩ উইকেটে মাত্র ৭৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। বিরতির পর নিল ম্যাকেঞ্জি (৪০) পানেসারের প্রথম শিকার হলে স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৮৩। সফরকারীদের সামনে তখন অল্প রানে গুটিয়ে যাওয়ার আশঙ্কা। সে আশঙ্কা দূরে ঠেলার চেষ্টায় অনেকক্ষণ অ্যাশওয়েল প্রিন্সকে সঙ্গ দিয়েছেন এবি ডিভিলিয়ার্স । কিন্তু পানেসার তাকে দ্বিতীয় শিকার বানানোয় আরো বড় বিপদে পড়েছে গ্রায়েম স্মিথের দল।
এর আগে দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিন শুরু করে আগের দিনের বিনা উইকেটে ৭ রান নিয়ে। প্রথম ব্রেক থ্রু'র জন্য ইংল্যান্ডকে মাত্র দু' ওভার অপেক্ষায় রাখেন জেমস অ্যান্ডারসন। ইয়ান বেলকে ক্যাচ দিয়ে ফিরে যান অধিনায়ক স্মিথ (৮)। তারপর খুব অল্প সময়ের মধ্যে রায়ান সাইডবটম আর স্টুয়ার্ট ব্রডও মাতেন সাফল্যের আনন্দে। হাশিম আমলা (৬) ব্রডের বলে কট বিহাইন্ড, ক্যালিসও চট জলদি তাকে অনুসরন করেন সাইডবটমের বলে স্ট্রাউসকে ক্যাচ দিয়ে। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৩ উইকেটে ৪৭।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২১৩৭ ঘ.
bdnews24