করাচি, ৪ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আবার শোয়েব আখতারের সামনে পাকিস্তান দলে খেলার সুযোগ। ৫ বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে শাস্তিটা দেড় বছরে নামিয়ে এনেছিলেন আগেই। শুক্রবার লাহোর হাইকোর্ট এই নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে। যার অর্থ জাতীয় দলে খেলতে আপাতত কোনো বাধা নেই শোয়েবের। অবশ্য ৭০ লাখ রুপি জরিমানা দেয়া থেকে রেহাই পাচ্ছেন না তিনি।
এ বছরের শুরু থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন শোয়েব। জানুয়ারিতে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর এই চুক্তি এবং ঘরোয়া ক্রিকেট সম্পর্কে তীব্র সমালোচনা করেছিলেন তিনি। সেই সমালোচনা সহজভাবে নিতে পারেনি পিসিবি। আচরণবিধি ভাঙ্গার অভিযোগে গত ১ এপ্রিল তাকে ৫ বছরের জন্য সাসপেন্ড করে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। তার কয়েক দিন পর একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে পিসিবি চেয়ারম্যান নাসিম আশরাফের বিরুদ্ধে এক মারাত্মক অভিযোগ করায় আবার ঝামেলায় পড়তে হয় শোয়েবকে। অভিযোগটা ছিল আইপিএল-এ খেলতে দেয়ার অনুমতির বিনিময়ে তার কাছে নাকি টাকা দাবী করেছেন নাসিম আশরাফ! এমন সাংঘাতিক অভিযোগ স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেননি পিসিবি প্রধান। শোয়েবের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন তিনি। পরে অবশ্য শোয়েব ক্ষমা চাইলে মামলাটা প্রত্যাহারও করে নেন।
তার কিছু দিন পর একটা সুখবর পান শোয়েব। ৫ বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তার আপিলের পরিপ্রেক্ষিতে শাস্তিটা দেড় বছরে নামিয়ে আনে পিসিবি'র বিশেষ ট্রাইবুনাল। তবে এই রায়ও সন্তুষ্ট করতে পারেনি 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'কে। গত মাসে লাহোর হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি। শুক্রবার সেই আপিলের সুখবর পেলেন বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলার। পিসিবির আইনজীবি তফাজ্জল রিজভি জানিয়েছেন, "(শোয়েব) আখতারের আপিলের জন্য তার নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। যার অর্থ রিট পিটিশনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িকভাবে খেলার অনুমতি দেয়া হবে।"
এত বড় একটা জয়ের পর স্বাভাবিকভাবেই দারুণ খুশি শোয়েব। সুখবরটা শোনার পর দেয়া প্রতিক্রিয়াতে সেই আনন্দই প্রতিধ্বনিত, "আমি এখন নির্ভার। আমি আবার আমার দেশের হয়ে খেলতে চাই। আমার ফিটনেস এখন ঠিকই আছে। ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার জন্য কয়েকটা কাউন্টি বা লিগ ম্যাচ খেলতে ইংল্যান্ডে যাওয়ার সম্ভাবনা আছে আমার। আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চাই আর দেশের মানুষের জন্য এই টুর্নামেন্টের শিরোপাও জিততে চাই। গত দু মাস ধরে সমর্থন দেয়ার জন্য পিসিবি চেয়ারম্যানের কাছে আমি কৃতজ্ঞ।"
আগামী সেপ্টেম্বরে পাকিস্তান আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে শোয়েব খেলতে পারবেন কি না সেই উত্তরের জন্য আরো কিছু দিন অপেক্ষা করতে হবে। পাকিস্তানের প্রধান নির্বাচক সালাহউদ্দিন আহমেদ অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন জাতীয় দলে ফিরতে হলে সবার আগে নিজের যোগ্যতার প্রমাণ রাখতে হবে শোয়েবকে, "আমরা আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। ভবিষ্যতে শোয়েবের সুযোগ পাওয়া নির্ভর করবে তার ফিটনেস ও ম্যাচ ফিটনেসের ওপরে।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৪৫ঘ.
bdnews24