২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬৩ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া

সিরিজে ফেরার ভালো একটা সুযোগ হাতছাড়া করলো ওয়েস্ট ইন্ডিজ। ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে শুক্রবার অস্ট্রেলিয়াকে মাত্র ২১৩ রানে অল আউট করেছিল তারা। পরে বৃষ্টির কারণে সময় নষ্ট হওয়ায় ৪১ ওভারে ২০৩ রানের জয়ের লক্ষ্য বেঁধে দিলে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় ক্রিস গেইলের দল। এ জয়ের ফলে সিরিজে ২-০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2008, 10:14 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

গ্রেনাডা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- সিরিজে ফেরার ভালো একটা সুযোগ হাতছাড়া করলো ওয়েস্ট ইন্ডিজ। ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে শুক্রবার অস্ট্রেলিয়াকে মাত্র ২১৩ রানে অল আউট করেছিল তারা। পরে বৃষ্টির কারণে সময় নষ্ট হওয়ায় ৪১ ওভারে ২০৩ রানের জয়ের লক্ষ্য বেঁধে দিলে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় ক্রিস গেইলের দল। এ জয়ের ফলে সিরিজে ২-০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। নামে কখনো গেইল বা কখনো সারোয়ানের দল হলেও ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বেশ কিছুদিন ধরেই হয়ে গেছে চন্দরপলের দল। চন্দরপল ভালো করলে ওয়েস্ট ইন্ডিজ সমীহ অন্তত জাগাতে পারে আর ভালো না করলে মুখ থুবড়ে পড়ে। বেশ কিছুদিন ধরে চলে আসা এ নিয়ম মেনেই শেষ হয়েছে গ্রেনাডার ন্যাশনাল স্টেডিয়ামের এ ম্যাচ। লো-স্কোরিং ম্যাচটিতে মাইকেল ক্লার্ক (৬২), মাইকেল হাসি (৬২) আর ক্রেইগ হোয়াইটের (৪০*) কারণেই দু'শ পেরিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে শেষ দিকে স্যামি (২১) আর বেন (২৩*) ছাড়া কেউ অন্য প্রান্তে দাঁড়াতে না পারায় চন্দরপলের অপরাজিত ৪৫ রানের ইনিংসটি অর্থহীন হয়ে যায়। অবশ্য চন্দরপল অন্যদের চেয়ে ভালো করলেও তার এই ইনিংসকে সব বিবেচনায় ভালো বলা যাবে না। ৪৫ রান করতে ৭৭ বল খেলেছেন তিনি। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলার পর বল হাতেও ম্যাচের সফলতম বোলার হওয়ায় ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মাইকেল ক্লার্ক (৩/২৬)। সিরিজে টিকে থাকতে হলে রোববার গ্রেনাডায় অনুষ্ঠেয় তৃতীয় ওয়ানডেতে জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজকে। হারলে হোয়াইট ওয়াশ হওয়ার আশঙ্কার মুখে পড়বে তারা। ক্রিকইনফো'র সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৬০৮ ঘ.