নয়াদিল্লী, ২৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২৫ বছর আগের সেই অবিস্মরণীর অর্জন আজো ভারতীয়দের হৃদয়ে অম্লান। সেদিন লর্ডসে বিশ্বকাপের ফাইনালে ভারতের সামনে তখনকার মহাপরাক্রমশালী, আগের দু বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ফেভারিট ক্যারিবীয়দের তো বটেই, ক্রিকেট বিশ্বকেও অবাক করে ম্যাচটা জিতেছিল ভারত, পুরো দেশকে ভাসিয়েছিল খুশির বাঁধভাঙ্গা বন্যায়। সেই ঐতিহাসিক অর্জনের রজত জয়ন্তী উপলে কপিল দেবের দলকে রোববার সম্মান জানালো ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই।
২৫ বছরে আরো অনেক কিছুর মতো বিসিসিআই-এর পরিবর্তনও বিস্ময়জাগানো। সেদিন অর্থের অভাবে বিশ্বজয়ী ক্রিকেটারদের হাতে প্রাইজমানি তুলে দিতে পারেননি ভারতীয় ক্রিকেটের কর্মকর্তারা। কিংবদন্তীতুল্য গায়িকা লতা মঙ্গেশকর বিনা পয়সায় অনুষ্ঠান করতে রাজি হওয়ায় সেদিন মান বেঁচেছিল তাদের। সেই অনুষ্ঠান থেকে পাওয়া অর্থ দেয়া হয়েছিল কপিল-গাভাস্কারদের হাতে। আর আজ বিসিসিআই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড, বিপুল অর্থের মালিক। তাই সেদিনের বিজয়ী বীরদের মোটা অংকের টাকা দিতে সমস্যা হয়নি তাদের। '৮৩ বিশ্বকাপ জয়ী দলের প্রত্যেককে ২৫ লাখ রুপি ছাড়াও একটি মানপত্র দিয়েছে তারা।
তবে সেই অনন্যসাধারণ অর্জনের সঙ্গে তো কোনো কিছুই তুলনীয় নয়। ভারতের সর্বকালের সেরা ওপেনার সুনীল গাভাস্কার আজো আবেগাপ্লূত হয়ে পড়েন সেদিনের কথা ভেবে, "কপিল বিশ্বকাপের ট্রফি হাতে নিয়ে মাথার ওপরে তুলে ধরেছিল। সেটা ছিল আমার ক্রিকেট-জীবনের সেরা মুহূর্ত। সেদিনের কথা মনে হলে আজো আমার চোখ ভিজে ওঠে। কারণ সেদিন ভারত সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছিল যে আমরাও ক্রিকেট খেলতে পারি।"
গাভাস্কারের সুবাদেই আবারো একতাবদ্ধ হতে যাচ্ছে '৮৩ বিশ্বকাপ জয়ী দলটি। আগামী বুধবার লন্ডনে সাবেক সতীর্থদের ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন 'সানি'। ঠিক ২৫ বছর আগে সেদিনই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সারা দেশের মানুষকে উল্লাসে ভাসিয়েছিল কপিলের দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৫০ঘ.
bdnews24