২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্শাল-ব্রাভোর ঝড়ো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের সহজ জয়

ম্যাচটা টোয়েন্টি-টোয়েন্টি হলেও ২০ ওভারের ম্যাচ হতে দেয়নি বৃষ্টি। শুক্রবার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে বৃষ্টির জন্য অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচটা নেমে আসে ১১ ওভারে। স্বল্প পরিসরের যে ম্যাচে অস্ট্রেলিয়াকে পরাস্ত করে ক্যারিবীয়রা সহজেই জিতেছে ৭ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2008, 10:13 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ব্রিজটাউন, ২১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যাচটা টোয়েন্টি-টোয়েন্টি হলেও ২০ ওভারের ম্যাচ হতে দেয়নি বৃষ্টি। শুক্রবার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে বৃষ্টির জন্য অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচটা নেমে আসে ১১ ওভারে। স্বল্প পরিসরের যে ম্যাচে অস্ট্রেলিয়াকে পরাস্ত করে ক্যারিবীয়রা সহজেই জিতেছে ৭ উইকেটে। টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া দারুণ সূচনা পেয়েছিল দুই অভিষিক্ত ওপেনার শন মার্শ ও লুক রনচির কল্যাণে। তবে উদ্বোধনী জুটির সুবাদে ৬ ওভারে ৫৭ রান পেয়ে যাওয়া পন্টিংয়ের দল ঝড়ো গতিটা ধরে রাখতে পারেনি। ২২ বলে ৬ বাউন্ডারি ও এক ছক্কায় ৩৬ রান করা রনচিকে জেরম টেলরের ক্যাচ বানিয়ে ক্যারিবীয়দের ব্রেক থ্রু এনে দেন অভিষিক্ত ফাস্ট বোলার কেমার রোচ। শন মার্শও রোচের শিকার। আইপিএল-এর সর্বোচ্চ রান সংগ্রাহক ২২ বলে দুটি ছক্কা ও একটি বাউন্ডারিসহ ২৯ রান করে ক্যাচ দিয়েছেন জাভিয়ের মার্শালকে। এর পর অন্য ব্যাটসম্যানরা সেভাবে জ্বলে উঠতে না পারায় ১১ ওভারে ৩ উইকেটে ৯৭ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। জবাবে মার্শালের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে দারুণ সূচনা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রেট লির করা ইনিংসের প্রথম বলেই বিশাল এক ছক্কা মেরেছেন মার্শাল। মিচেল জনসনের করা পরের ওভারে এসেছে ২৪ রান। ১৫ বলে ৩টি করে চার ও ছক্কায় ৩৬ রান করা মার্শালকে ফিরতে হয়েছে রান আউট হওয়ার দুঃখ নিয়ে। তবে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করা ডুইন ব্রাভো দলকে জয় নিয়ে দুশ্চিন্তায় পড়তে দেননি। তার ১৫ বলে ৩টি ছক্কা ও একটি বাউন্ডারিসহ অপরাজিত ২৮ রানের সুবাদে ১১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে স্বাগতিকরা। দু দল এখন মুখোমুখি হবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে। আগামী মঙ্গলবার প্রথম ম্যাচের ভেন্যু সেন্ট ভিনসেন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬০২ঘ.