২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাই থেকে দেশে ফিরেছেন মোহাম্মদ আসিফ

সঙ্গে ড্রাগ রাখার অভিযোগে ১৯ দিন আটক থাকার পর নিজের দেশ পাকিস্তানে ফিরেছেন মোহাম্মদ আসিফ। শুক্রবার দুবাই থেকে বিমানে করাচি পৌঁছান আসিফ। তারপর আবার সেখান থেকে ওঠেন লাহোরগামী বিমানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2008, 04:22 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

করাচি, ২০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সঙ্গে ড্রাগ রাখার অভিযোগে ১৯ দিন আটক থাকার পর নিজের দেশ পাকিস্তানে ফিরেছেন মোহাম্মদ আসিফ। শুক্রবার দুবাই থেকে বিমানে করাচি পৌঁছান আসিফ। তারপর আবার সেখান থেকে ওঠেন লাহোরগামী বিমানে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ দিল্লী ডেয়ারডেভিলসের খেলোয়াড় আসিফ গত ১ এপ্রিল ভারত থেকে দুবাই হয়ে দেশে ফিরছিলেন। কিন্তু দেশের মাটিতে আর পা দেয়া হয়নি। ড্রাগ রাখার অভিযোগে দুবাই বিমান বন্দরে আটক করা হয় তাকে। সেই থেকে বৃহস্পতিবার অর্থাৎ ১৯ জুন পর্যন্ত দুবাইয়েই আটক ছিলেন মোহাম্মদ আসিফ। পাকিস্তানের এই ফাস্টবোলারের ড্রাগ কেলেঙ্কারিতে জড়ানোর ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। ২০০৬-এর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ডোপিংয়ের দায়ে পিসিবি তাকে এক বছরের জন্য সাসপেন্ড করেছিল । সেবার আপিল করে সাজা মওকুফ করিয়েছিলেন আসিফ। এবার দুবাইয়ে আটক হওয়ার পর থেকেই ১১টি টেস্ট ও ৩১টি ওয়ানডে খেলা এই ফাস্টবোলারকে ছাড়িয়ে আনার চেষ্টা করে আসছে পিসিবি। কিন্তু কিছুতেই কাজ হচ্ছিলো না। শুক্রবার পিসিবি এক বিবৃতিতে জানায়, দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল আসিফকে মুক্তি দিয়ে দেশে পাঠানোর আদেশ জারি করেছেন। তারপরই ড্রাগ রাখার অভিযোগ থেকে মুক্তি দিয়ে ছেড়ে দেয়া হয় তাকে। তবে হঠাৎ করে দুবাইয়ের প্রশাসনের অভিযোগ প্রত্যাহার এবং পাকিস্তানি ক্রিকেটারকে ছেড়ে দেয়ার পেছনে অন্য একটি ঘটনারও যোগসূত্র থাকতে পারে। পিসিবির সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর বিষয়টির শুভপরিণতির জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছিলেন সে দেশের খেলাধূলাবিষয়ক সিনেট কমিটি। তার দু'দিন পরই মুক্তি পেলেন মোহাম্মদ আসিফ। মুক্তি পেলেও অবশ্য দুবাইয়ে ১৯ দিন আটক থাকার ঘটনাটি আসিফের জন্য অতীত হয়ে যাচ্ছে না। পিসিবি'র এক কর্মকর্তা জানিয়েছেন দুবাই প্রশাসন ছেড়ে দিলেও পুরো ঘটনাটি এখন তদন্ত করে দেখবে পিসিবি, " দুবাই কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট পাওয়া মাত্রই ঘটনাটি নিয়ে আমরা আমাদের নিজস্ব তদন্ত শুরু করবো। " আসিফকে অভিযোগ থেকে মুক্তি দেয়ার পর আবার কিসের তদন্ত? পিসিবি কর্মকর্তা বললেন, " সবার আগে আমরা দেখবো কেন ও (আসিফ) এমন একটা ঘটনায় জড়ালো" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৭২৯ ঘ.