২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুনায়েদ সিদ্দিকী 'এ' দলের অধিনায়ক, চুক্তি থেকে বাদ মাসুদ-জাভেদ

আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে বাংলাদেশ 'এ' দলের নেতৃত্ব দেবেন জুনায়েদ সিদ্দিকী। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় এর বাইরে ক্রিকেটারদের চুক্তিসহ আরও বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, আলোচনা হয়েছে নিম্বাসের সঙ্গে চূড়ান্ত চুক্তির খুটিনাটি নিয়েও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 05:24 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, ১৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে বাংলাদেশ 'এ' দলের নেতৃত্ব দেবেন জুনায়েদ সিদ্দিকী। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় এর বাইরে ক্রিকেটারদের চুক্তিসহ আরও বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, আলোচনা হয়েছে নিম্বাসের সঙ্গে চূড়ান্ত চুক্তির খুটিনাটি নিয়েও। খালেদ মাসুদ, জাভেদ ওমর, তুষার ইমরান, এনামুল হক জুনিয়র, রাজিন সালেহ এবং নাজমুল হোসেনের সঙ্গে বোর্ডের ৬ মাস মেয়াদী চুক্তি শেষ হওয়ার কথা ৩১মে। সোমবারের সভায় সিদ্ধান্ত হয়েছে এই চুক্তি আর না বাড়ানোর। তবে তামিম, শাহরিয়ার নাফীস, ফরহাদ রেজা এবং মেহরাব হোসেন জুনিয়রের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে আরও ৬ মাস, সে অনুযায়ী তারা চুক্তিবদ্ধ থাকবেন ৩০ নভেম্বর ২০০৮ পর্যন্ত। চুক্তিতে রুকি কোটায় অন্তভুর্ক্ত করা হয়েছে নাজিমউদ্দিন, রাকিবুল হাসান, ধীমান ঘোষ, মোশাররফ হোসেন এবং সাজেদুল ইসলামকে। মারমুখী ওপেনার জুনায়েদ সিদ্দিকী চাহিদামতো পারফরম না করতে পারায় বাদ পড়েছেন জাতীয় দল থেকে। দুটো সিরিজে 'এ' দলের নেতৃত্ব দিয়ে দলে ফিরে আসার সুযোগ পাচ্ছেন তিনি। তার সহকারী হিসেবে থাকবেন নাঈম ইসলাম। ওসমান খান দলের কোচ, মিনহাজুল আবেদীন সহকারী কোচ। আর সাবেক জাতীয় ক্রিকেটার সেলিম শাহেদ দলের ম্যানেজার। ক্রিকেট বোর্ডের টিভিস্বত্ব নিয়ে নিম্বাসের সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়নি এখনও। সেটার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সোমবারের সভায়। ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম সেটা জানিয়ে বলেছেন,''আমরা এই বিষয়ে বিস্তারিত আলাপ-আলোচনা করেছি এবং আশা করছি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই বিষয়ে চুক্তি স্বাক্ষর করে ফেলতে পারব।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/২৩০৫ঘ.