ব্রিজটাউন, ১৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দু জনই বাঁহাতি ব্যাটসম্যান, দু জনেরই রাজ্য দল নিউ সাউথ ওয়েলস। সাইমন ক্যাটিচ ও ফিল জ্যাকসের মধ্যে ভালো বোঝাপড়া হওয়াই কথা। সেই ভালো বোঝাপড়ার সুফল পেয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে দারুণ জায়গায় পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। শনিবার তৃতীয় দিনে ক্যাটিচ ও জ্যাকসের জোড়া সেঞ্চুরি প্রথম ইনিংসে ২৫১ রানে অলআউট হওয়ার দুঃখও ভুলিয়ে দিয়েছে পন্টিংয়ের দলের। দিনশেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৩৩০ রান। জ্যাকস আউট হলেও সারা দিন ব্যাট করে ক্যাটিচ ১৪৮ রানে অপরাজিত। হাতে ৭ উইকেট নিয়ে ৩৬৫ রানের লিড --- ২-০তে সিরিজ জয়ের স্বপ্ন দেখতেই পারে টেস্ট র্যাংকিংয়ের সেরা দলটি!
বিনা উইকেটে ৩৫ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়ার দুই ওপেনার শনিবার প্রায় চা-বিরতি পর্যন্ত ভুগিয়েছেন প্রতিপক্ষের বোলারদের। ২২৩ রানের উদ্বোধনী জুটিতেই তা প্রমাণিত! ১৯৬ বলে তৃতীয় টেস্ট সেঞ্চুরিতে পৌঁছানো জ্যাকসকে চা-বিরতির কিছুক্ষণ আগে উইকেট কিপার দীনেশ রামদিনের গ্লাভসবন্দী করে অবশেষে জুটিটা ভেঙ্গেছেন ফিদেল এডওয়ার্ডস। ৩০৩ মিনিট ক্রিজে থেকে ২২৪ বলে ১০৮ রান করা জ্যাকসের ব্যাট থেকে এসেছে ৯টি বাউন্ডারি।
ক্যাটিচের সঙ্গে যোগ দেয়া পন্টিং ভালোই খেলছিলেন। কিন্তু দুটি বাউন্ডারি ও এক ছক্কায় ৩৯ রান করার পর পুল করতে গিয়ে তিনি আউট! ড্যারেন পাওয়েলের বলে মিড উইকেটে অস্ট্রেলীয় অধিনায়কের ক্যাচটা ধরেছেন বদলি ফিল্ডার রুনাকো মর্টন।
তবে জ্যাকস-পন্টিংয়ের বিদায় বিচলিত করতে পারেনি টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পাওয়া ক্যাটিচকে। বাঁহাতি স্পিনার সুলেইমান বেনের বলে একটা সুযোগ অবশ্য দিয়েছিলেন। তবে লেগ স্লিপে ক্যাচটা ফেলে দেন ডুইন ব্রাভো। 'জীবন' ফিরে পাওয়ার সুযোগ ভালো মতোই কাজে লাগিয়েছেন ক্যাটিচ। চতুর্থ সেঞ্চুরি করেও রানের খিদে মিটে যায়নি তার, ৩২৩ বলে ১৪৮ রানে অপরাজিত থাকার পথে মেরেছেন ১৩টি বাউন্ডারি।
সারা দিন বল করার পুরস্কার অবশ্য পেয়েছেন ঘরের মাঠে খেলতে নামা বেন। তার বলে লেগ স্লিপেই ক্যাচ দিয়েছিলেন মাইক হাসি (১৮)। এবার আর ভুল করেননি ব্রাভো। সেটা ছিল এই বার্বাডিয়ানের ৩৫তম ওভার! দিনশেষে ক্যাটিচের সঙ্গে অপরাজিত ছিলেন মাইকেল ক্লার্ক। ৯ বল খেললেও অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক কোনো রান করতে পারেননি।
ওয়েস্ট ইন্ডিজের জন্য হতাশায় ভরা দিনটা আরো হতাশাচ্ছন্ন করে তুলেছেন ওপেনিং ব্যাটসম্যান শিউনারায়ণ চ্যাটারগুন। ফিল্ডিং করতে গিয়ে বাঁ গোড়ালি মচকে ফেলেছেন তিনি। মাঠ থেকে সরাসরি হাসপাতালে যাওয়া চ্যাটারগুন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন কি না সে সম্পর্কে সংশয়ে থাকতেই হচ্ছে স্বাগতিকদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫২৮ঘ.
bdnews24