ঢাকা, ৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- গ্যারি কারস্টেনও ভারতীয় নন। আবার জেফ লসনও পাকিস্তানি নন। সুতরাং ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ তাদের গায়ে ততোটা লাগার কথা নয়, যতোটা লাগে মহেন্দ্র সিং ধোনি-শোয়েব মালিকদের গায়ে। অথচ আট বছর পর ঢাকার মাঠে এই দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে অধিনায়করা নন, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে এলেন কোচরা। উত্তাপ না লাগুক, এই দু'দলের লড়াইয়ের মর্মটা ভালোই বোঝেন তারা। সেই বোধ থেকেই তারা নিশ্চিত, মঙ্গলবার ত্রিদেশীয় কিটপ্লাই সিরিজের ভারত-পাকিস্তান দ্বৈরথ 'হাই কোয়ালিটি ম্যাচ'ই হতে যাচ্ছে।
সোমবার ভারতীয় দলের লম্বা অনুশীলনেও টের পাওয়া গেল উঁচু দরের ক্রিকেট খেলার আকাঙ্খাটা। সকাল নয়টায় শুরু হওয়া অনুশীলনশেষে সাড়ে এগারোটায় সংবাদ সম্মেলনে আসার কথা তাদের কোচের। কিন্তু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের দীর্ঘ অপেক্ষায় রেখে কারস্টেন এলেন দুপুর একটারও পরে। কারণ অনুশীলন যে শেষই হচ্ছিল না। ধোনির তরুণ দলের মাঝে বয়ে যাওয়া বাড়তি উত্তাপটার কথা কারস্টেনই জানান দিয়ে গেলেন, "দুর্দান্ত এক ম্যাচই হতে যাচ্ছে এটা। আপনারা জানেন, প্রতিটা ভারত-পাকিস্তান ম্যাচ দুর্দান্তই হয়। আমি জানি আমাদের ছেলেরা এই ম্যাচ খেলার জন্য কতোখানি উজ্জীবিত ও অনুপ্রাণিত হয়ে আছে।"
অনুপ্রেরণার অভাব হওয়ার কথা নয় পাকিস্তানিদেরও। এই দু'দলের সর্বশেষ দেখায় যে জিতেছিল তারাই। গত ডিসেম্বরে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-৩ এ হেরে গেলেও শেষ ম্যাচে জয়ের স্মৃতিটাই লসনের বেশি টাটকা মনে করাতে তাই আশ্চর্যের কিছু নেই, "শেষ ম্যাচে আমরাই জিতেছিলাম। এখন ওদের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচ জিততে চাই। যা আমাদের টানা ম্যাচ জয়ের রেকর্ডকে ১৩ তে নিয়ে যাবে।"
সার্বিক ওয়ানডে রেকর্ডেও পাকিস্তানই এগিয়ে। এখন পর্যন্ত ১১৬ বারের মুখোমুখিতে পাকরা যেখানে জয়ের হাসি হেসেছে ৬৬ বার, সেখানে ভারতের জয় ৪৩টিতে। তবে ঢাকার মাঠের লড়াইয়ের পরিসংখ্যান এগিয়ে রাখছে ধোনির দলকেই। ১৯৮৮ সালের এশিয়া কাপের ম্যাচটির পর ১৯৯৮ সালের ইন্ডিপেন্ডেন্স কাপের চার ম্যাচের তিনটিতেই জিতেছিল ভারত। ২০০০ সালের এশিয়া কাপে নিজেদের ইনিংসের শেষ বলে ছক্কা মেরে মোহাম্মদ ইউসুফের সেঞ্চুরির জন্য বিখ্যাত হয়ে থাকা ম্যাচটি জিতেছিল পাকিস্তান। সবমিলিয়ে ৪-২ এ এগিয়ে থাকা ভারতের ঢাকার মাঠে সপ্তমবারের মতো দেখা হচ্ছে চির প্রতিদ্বন্দ্বীর।
ভারতীয় ক্রিকেটারদের সা
bdnews24