ঢাকা, ৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আইপিএলের আমেজ গা থেকে ঝরে পড়তে না পড়তেই ঢাকায় ত্রিদেশীয় সিরিজ খেলতে চলে এল ভারতীয় ক্রিকেট দল। তাদের প্রায় সব ক্রিকেটারই আইপিএলে বিভিন্ন দলের হয়ে খেলেছেন। এদের মধ্যে কেউ কেউ তো আইপিএলের ভালো পারফরম্যান্সের কারণেই এখন ওয়ানডে দলে। এই যেমন ইউসুফ পাঠান এবং শ্রীশান্তের ইনজুরিতে শেষ মুহূর্তে দলে আসা পেসার মানপ্রিত গনি। আইপিএলের সুবাদে দীর্ঘদিন ম্যাচ প্র্যাকটিসের মধ্যেই থাকা ভারতীয় দল রোববার সকাল সাড়ে আটটায় ঢাকায় পৌছেই জানিয়েছে শিরোপা জয়ের কথা।
এই জানা কথাটা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মুখে শোনার অপেক্ষাতেই ছিলেন সবাই। কিন্তু শুনতে হল আইপিএলে ধোনির নেতৃত্বাধীন রানার্স আপ চেন্নাই সুপার কিংসের খেলোয়াড় সুরেশ রায়নার মুখ থেকে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি অভ্যর্থনা কক্ষে ভারতীয় দলের কাছে এই বার্তা পৌছানোও হয়েছিল যে বাইরে অপেক্ষমান সাংবাদিকরা অধিনায়কের সঙ্গে কথা বলতে চান। কিন্তু মিডিয়াকে নিরাশ করে কথা বলতে পাঠানো হয় রায়নাকে। ২০০৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেই যার উত্থান। বাংলাদেশে যুব বিশ্বকাপ খেলে যাওয়ার স্মৃতি আছে এই দলের রবিন উত্থাপারও।
এই ত্রিদেশীয় কিটপ্লাই সিরিজে নিজেদের ভালো কিছু করার ক্ষেত্রে আইপিএলেরও বেশ অবদান থাকবে বলেই জানালেন রায়না, "আমরা কিন্তু খেলার মধ্যেই ছিলাম। লম্বা সময় ধরে আইপিএল খেললাম। আশা করি এই খেলার মধ্যে থাকাটা আমাদের শিরোপা জয়ের কাজে দারুণ সহায়ক হবে।" তার কথা শুনে ঢাকার ক্রিকেটপ্রেমী দর্শকরা এখনই নড়েচড়ে বসতে পারেন। কারণ রায়নার কথানুযায়ী ওয়ানডেতে এখন ভারতীয় দলের ব্যাটিং আরো বেশি রোমাঞ্চকর হবে। ফলে ব্যাটিং বিনোদনও মিলবে বেশ। এর কারণও আইপিএল, সেখানে যে চার-ছক্কার ফুলঝুরি ছোটানোতে বেশ হাত পাকানো হয়ে গেছে তাদের। রায়না বললেন, "আমি মনে করি দেখার জন্য আমাদের ওয়ানডে ক্রিকেটটা এখন আগের চেয়েও অনেক বেশি মজাদার হবে। আইপিএলে তো বিগশট খেলার ব্যাপারটা সবার একরকম রপ্ত হয়ে গেছে।"
এই সিরিজে তাদের আরেক প্রতিপক্ষ পাকিস্তানকে শক্তিশালী দলের আখ্যা দিলেও এখানেও চলে এসেছে আইপিএল প্রসঙ্গ, "আইপিএলে পাকিস্তানের বেশ কয়েকজন খেলোয়াড়ও তো খেলেছে। এজন্য তাদের আরো কাছে থেকে দেখার ও বোঝার সুযোগ হয়েছে।" আর বাংলাদেশের সঙ্গে নিজেদের দলের একটা মিলও খুঁজে পেয়েছেন এই ব্যাটসম্যান, "বাংলাদেশ আমাদের মতোই তরুণ একটা দল। নিজেদের মাটিতে তারা ভালো করবে বলেই মনে হয় আমার। তাছাড়া ওদের কয়েকজন দারুণ ব্যাটসম্যানও আছে। যেমন আশরাফুল।"
নিজেদের মাটিতে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা অবশ্য ভারতকে একটু বেশিই মাথায় রাখতে হয়। কারণ ২০০৪ সালের ২৬ ডিসেম্বর দেশের মাটিতেই ভারতকে প্রথমবারের মতো হারিয়েছিল বাংলাদেশ। আর গতবছর তো বিশ্বকাপ থেকেই ভারতের বিদায়ঘন্টা বাজিয়ে দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৫৩০ঘ.
bdnews24