নটিংহ্যাম, ৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেভিন পিটারসেনকে ফেরাতে পেরে প্রথম দিন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল নিউজিল্যান্ড। আসলে তার (১১৫) দ্বাদশ টেস্ট সেঞ্চুরি আর টিম অ্যামব্রোসের ফিফটির (৬৭) সুবাদেই তো ৮৬ রানে ৫ উইকেট হারানোর পরও ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। প্রথম দিন শেষে স্কোর ছিল ৭ উইকেটে ২৭৩। ষষ্ঠ উইকেট জুটিতে ১৬১ রান পেয়ে বিপদ সামাল দেয়া ইংল্যান্ড ম্যাচের দ্বিতীয় দিনেও তাদের প্রথম ইনিংসটাকে বড় করে চলেছে। জেমস অ্যান্ডারসন (২৮) অষ্টম উইকেটে স্টুয়ার্ট ব্রডের (৫৭*) সঙ্গে ৭৬ রান তোলায় মধ্যাহ্ন বিরতির পর তাদের স্কোর ৮ উইকেটে ৩৫৪।
বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের শুরুটা বেশ ভালো হয়েছিল নিউজিল্যান্ডের। ড্যানিয়েল ভেট্টোরি টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান। খুব তাড়াতাড়িই অ্যালস্টেয়ার কুককে (৬) সাজঘরে পাঠান কাইল মিলস। স্কোর তখন মাত্র ১৪। দলকে ৪৪-এ রেখে অধিনায়ক ভনও (১৬) বোল্ড হয়ে যান ও'ব্রায়েনের বলে। তারপর মধ্যাহ্ন বিরতি পর্যন্ত আর বিপদ বাড়তে দেননি অ্যান্ড্রু স্ট্রাউস আর কেভিন পিটারসেন। কিন্তু বিরতির পর আবার মিলস আর ও'ব্রায়েনের তোপের মুখে পড়ে ইংল্যান্ড। তাই বিরতির আগের ২ উইকেটে ৮৪ থেকে দেখতে দেখতেই স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৮৬! স্ট্রাউস (৩৭), বেল (০) এবং কলিংউড (০) আউট হয়ে যান মাত্র ১২ বল আর ২ রানের ব্যাবধানে। সেখান থেকেই পিটারসেন আর অ্যামব্রোসের হাত ধরে ঘুরে দাঁড়াতে শুরু করে ইংল্যান্ড। ২২৩ বলে ১৪টি চারের সহায়তায় ১১৫ রান করে পিটারসেন ইনিংসে ও'ব্রায়েনের তৃতীয় শিকার আর এ ম্যাচেই টেস্ট অভিষিক্ত উইকেটরক্ষক গ্যারেথ হপকিন্সের প্রথম ক্যাচ হলে ম্যাচের নিয়ন্ত্রণ আবার নিজেদের হাতে নেয়ার সুযোগ পায় নিউজিল্যান্ড। একটু পরে ও'ব্রায়েন-হপকিন্স কম্বিনেশনে অ্যামব্রোসকেও বিদায় করে সে পথে আরেকটু এগিয়েছিল তারা। তবে বাকি সময়ে অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রড দূর্গ সামাল দিলে ৭ উইকেটে ২৭৩ রান নিয়ে প্রথম দিন শেষ করে ইংল্যান্ড।
দ্বিতীয় দিনের সকালটা নিউজিল্যান্ডের হলে সেটাই হতো স্বাভাবিক। কিন্তু অ্যান্ডারসন আর ব্রড পুরোদস্তুর ব্যাটসম্যানদের মতো আত্মবিশ্বাস পেয়ে বসায় ঘটেছে উল্টোটা। মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ আগে অ্যান্ডারসনকে ফেরানোর স্বস্তিটুকু পেয়েছে ড্যানিয়েল ভেট্টোরির দল। তবে ফিফটি করে এখনো ব্রড রয়ে গেছেন অস্বস্তি হয়ে।
ক্রিকইনফো'র সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৮৫৫ ঘ.
bdnews24