অ্যান্টিগা, ৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শিবনারায়ণ চন্দরপলের আরেকটি দুর্দান্ত সেঞ্চুরির পরও অ্যান্টিগায় বিপদে ওয়েস্ট ইন্ডিজ। কারণ ব্রেট লি'র এক বিধ্বংসী স্পেল। সোমবার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার এক সময় মাত্র ৫ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের প্রথম ইনিংস শেষ করে দিয়েছেন ৩৫২ রানে। ১২৭ রানের লিড পাওয়া অস্ট্রেলিয়ার দিনশেষে দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৬ উইকেটে ২৪৪ রান। সব মিলিয়ে ৩৭১ রানে এগিয়ে থাকায় সিরিজ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে রিকি পন্টিংয়ের দল।
অথচ দিনের শুরুটা মন্দ হয়নি ক্যারিবীয়দের। তৃতীয় দিনশেষে চন্দরপল ৫৫ ও ডুইন ব্রাভো অপরাজিত ছিলেন ২৯ রানে, আর স্বাগতিকদের স্কোর ছিল ৪ উইকেটে ২৫৫ রান। সেখান থেকে ৩১৪ রানে পৌঁছানোর পর ব্রেট লি'র মাধ্যমে তাদের দুর্দশার সূচনা। ব্রাভোকে (৪৫) কট বিহাইন্ড করে দলকে দিনের প্রথম সাফল্য এনে দেন লি। যদিও টিভি রিপ্লেতে দেখা গেছে ব্যাট নয়, ব্রাভোর থাই প্যাড ছুঁয়ে বল চলে গেছে ব্র্যাড হ্যাডিনের গ্লাভসে।
১৩২ রানের পঞ্চম উইকেট জুটি ভেঙ্গে যাওয়ার ধাক্কা সামলে উঠতে না উঠতেই ওয়েস্ট ইন্ডিজের জন্য আরেকটি আঘাত। লি'র পরের বলেই দীনেশ রামদিন (০) এলবিডব্লু! সেটা ছিল ওভারের পঞ্চম বল। শেষ বলে লি'কে হ্যাটট্রিক থেকে কোনো রকমে বঞ্চিত করলেন ড্যারেন স্যামি। কিন্তু বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলারের পরের ওভারের প্রথম বলে তিনিও এলবিডব্লুর ফাঁদে পড়লেন কোনো রান না করেই। ৪ উইকেটে ৩১৪ থেকে স্বাগতিকরা তখন কয়েক মিনিটের ব্যবধানে ৭ উইকেটে ৩১৮ রানে পরিণত।
জেরম টেলর এসে দুটি বাউন্ডারি ও এক ছক্কায় ২০ রান করলেও তিনিও ব্রেট লি'র শিকার। টেলরকে দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড করার পর ড্যারেন পাওয়েলকে (০) এলবিডব্লু করে ইনিংসে পাঁচ উইকেট নেয়ার আনন্দে মেতে ওঠেন লি। আর শেষ ব্যাটসম্যান ফিদেল এডওয়ার্ডসকে কট বিহাইন্ডের মাধ্যমে চতুর্থ 'ডাক' উপহার দিয়ে (তিনিও কোনো রান করতে পারেননি) মধ্যাহ্ন বিরতির ঠিক আগে প্রতিপক্ষকে অলআউট করে দেন মিশেল জনসন।
সতীর্থদের যাওয়া-আশার মিছিল অবশ্য চন্দরপলকে হতোদ্যম করতে পারেনি। ব্রাভোর বিদায়ের পর একাই লড়াই করে সিরিজে দ্বিতীয় এবং ক্যারিয়ারে ১৯তম টেস্ট সেঞ্চুরিতে পৌঁছে যান তিনি। তার ২৩৬ বলে খেলা অপরাজিত ১০৭ রানের দারুণ ইনিংসটা গড়ে উঠেছে ১২টি বাউন্ডারিতে।
সাইমন ক্যাটিচ পাঁজরের ব্যথায় কাতর। তাই ফিল জ্যাকসের সঙ্গে ওপেন করতে নামেন মাইকেল হাসি। উদ্বোধনী জুটিটা ভালোই হয়েছে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ দলটির। হাসিকে (৪০) কট বিহাইন্ড করে দলকে ৭৪ রানের জুটিটা ভেঙ্গে দেন ব্রাভো। এর পর নিখুঁত নিশানায় বল করে জ্যাকস (৭৬) ও পন্টিংয়ের (৩৮) উইকেট দুটো তুলে নেন টেলর। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মাইকেল ক্লার্ক (১০) বেশি দূর যেতে পারেননি। চন্দরপল সরাসরি থ্রোতে তাকে রান আউট করার পর হ্যাডিনকে (৭) এলবিডব্লু করে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে ২২২ রানে পরিণত করেন এডওয়ার্ডস। দিনের শেষ ওভারে ব্রেট লি'র (৪) উইকেটটাও তারই। তবে টিভি রিপ্লেতে দেখা গেছে রামদিনের গ্লাভসে যাওয়ার আগে বল লি'র হাতে লেগেছে। দিনশেষে অ্যান্ড্রু সাইমন্ডস অপরাজিত ছিলেন ৪৩ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪১৬ঘ.
bdnews24