অ্যান্টিগা, ১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথমে ১১০ রানের দারুণ এক ইনিংস। তারপর বল হাতে ২ উইকেট শিকার। মাইকেল ক্লার্কের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের সাক্ষী হয়ে থাকলো অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনটা। সহ-অধিনায়কের সেঞ্চুরির সুবাদে শনিবার ৭ উইকেটে ৪৭৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। জবাবে ক্লার্কের বাঁহাতি স্পিনে বিভ্রান্ত ওয়েস্ট ইন্ডিজের দিনশেষে সংগ্রহ ৩ উইকেটে ১২৫ রান। ৩৫৪ রানে এগিয়ে থাকায় রিকি পন্টিংয়ের দল যথারীতি অ্যান্টিগা টেস্টে সুবিধাজনক অবস্থানে।
বান্ধবীর বাবার মৃত্যুর জন্য প্রথম টেস্টে খেলতে পারেননি। ক্রিকেটের বাইরে ছিলেন প্রায় দুই মাস। কিন্তু ব্যাট হাতে নামার পর ক্লার্কের ম্যাচ প্র্যাকটিসের অভাব ধরাই পড়েনি কারো চোখে। তার সপ্তম টেস্ট সেঞ্চুরিটা না হলে সমস্যাতেও পড়তে পারতো অস্ট্রেলিয়া। ৩ উইকেটে ২৫৯ রান নিয়ে দিন শুরু করা টেস্ট র্যাংকিংয়ের সেরা দল দিনের তৃতীয় ওভারেই হারিয়ে ফেলে সাইমন ক্যাটিচকে। আগের দিনের ১১৩ রানের সঙ্গে আর কোনো রান যোগ না করেই জেরম টেলরের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন অস্ট্রেলিয়ার ওপেনার। সফরে ভালো ফর্মে থাকা অ্যান্ড্রু সাইমন্ডস বেশি দূর যেতে পারেননি। ১৮ রান করে ফিদেল এডওয়ার্ডসের বলে তিনিও কট বিহাইন্ড! ২৯৬ রানে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তখন বেশ অস্বস্তিতে।
অস্বস্তিটা আরো বাড়তে পারতো যদি টেলরের বলে লেগ সাইড দিয়ে ক্লার্কের ব্যাট থেকে আসা ক্যাচটা ধরতে পারতেন দীনেশ রামদিন। ওয়েস্ট ইন্ডিজ উইকেট কিপারের ব্যর্থতায় ৬৩ রানে পাওয়া 'জীবন' কাজে লাগাতে ভুল করেননি অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক। আরো ৪৭ রান করে প্রতিপক্ষকে ভোগানোর পাশাপাশি দলের বড় সংগ্রহের ভিতও গড়ে দিয়েছেন তিনি। ১৮৭ বলে খেলা তার ১১০ রানের ইনিংসটা সাজানো ছিল ১২টি বাউন্ডারিতে। শেষ পর্যন্ত ক্লার্ককে জাভিয়ের মার্শালের ক্যাচ বানিয়ে ক্যারিবীয় শিবিরে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছেন ড্যারেন পাওয়েল। তার আগেই টেলরের একটি স্লোয়ার বলে ড্রাইভ করতে গিয়ে রুনাকো মর্টনকে ক্যাচ দিয়ে ফিরে এসেছেন ৩৩ রান করা ব্র্যাড হ্যাডিন।
ক্লার্কের বিদায়ের পর ব্যাট হাতে ঝড় তুলেছেন অস্ট্রেলিয়ার দুই পেসার ব্রেট লি ও মিশেল জনসন। লি'র ৮ বাউন্ডারি ও ড্যারেন স্যামিকে মারা ইনিংসের একমাত্র ছক্কায় ৮২ বলে অপরাজিত ৬৩ এবং জনসনের ২৬ বলে ৩টি বাউন্ডারিতে গড়া অপরাজিত ২৯ রানের জন্যই অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে মাত্র ৯.১ ওভারে ৬৫ রানের জুটি গড়েছে অস্ট্রেলিয়া। দু জনই অবশ্য ভাগ্যের সহায়তা পেয়েছেন। দু জনেরই ক্যাচ ফেলে দিয়ে দিনটা নিজেদের জন্য বিস্মরণীয় করে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা।
স্বাগতিকদের দুর্দশার অবশ্য সেখানেই শেষ নয়। তবে ব্যাট করতে নেমে তাদের শুরুটা খারাপ হয়নি। মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা মার্শালকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৫৫ রান এনে দেন ডেভন স্মিথ। ১৬ রান করা স্মিথকে সাইমন্ডসের ক্যাচ বানিয়ে জনসন অস্ট্রেলিয়াকে ব্রেক থ্রু এনে দিলেও মার্শালকে সঙ্গে নিয়ে দলকে ভালো মতোই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রামনরেশ সারওয়ান। কিন্তু মার্শাল তার প্রথম টেস্ট ফিফটি পাওয়ার পরই বিপদে পড়ে যায় ক্যারিবীয়রা। ৮টি বাউন্ডারিতে ৫৩ রান করে ক্লার্কের বলে এলবিডব্লু হয়ে যান মার্শাল। সেই ওভারের শেষ বলেই ক্লার্ককে উড়িয়ে মারতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাটিচকে ক্যাচ দেন মর্টন (২)। আর কোনো উইকেট না পেলেও ক্লার্কের বোলিং ফিগারটা (৭-৪-৭-২) এক কথায় অসাধারণ। দিনশেষে সারওয়ান ৩২ রানে অপরাজিত। সঙ্গে থাকা শিবনারায়ণ চন্দরপল ব্যাট করছেন ৫ রান নিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৩৪ঘ.
bdnews24