কলকাতা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাওয়া-পাওয়ার কিছু ছিল না, আইপিএলে নিজেদের শেষ ম্যাচে তবু একটা স্বান্ত্বনার জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেমিফাইনালে ওঠা কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে রোববার ৩ উইকেটের এই জয়টা এসেছে অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর হাত ধরেই। ৫৩ বলে তার অপরাজিত ৮৬ রানের ইনিংসটার কাছেই আসলে হেরেছে যুবরাজ সিংয়ের দল।
টস জিতে ব্যাট করতে নেমে কলকাতার মাঠে আইপিএলের সর্বোচ্চ সংগ্রহই গড়েছিল কিংস ইলেভেন। ২০ ওভারে তুলেছিল ৬ উইকেটে ১৭৪ রান। জবাব দিতে নেমে একপ্রান্তের প্যাভিলিয়নমুখী মিছিলের মধ্যেও সৌরভ ছিলেন অবিচল। ওপেনিংয়ে তার সঙ্গী সালমান বাট আর আগে বল হাতে ৪ উইকেট নেওয়া উমর গুল করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করে। বিশেষ করে ১০৬ রানে ৬ উইকেট পড়ার পর ষষ্ঠ উইকেটে অধিনায়ককে দারুণ সঙ্গ দিয়েছেন গুল, ৪৯ রানের মহামূল্যবান একটা জুটি গড়ে। দুবল বাকি থাকতে জয় নিশ্চিত করা সৌরভের ৮৬ রানের ইনিংসে ছিল ৬টি করে বাউন্ডারি আর ছক্কা।
সংক্ষিপ্ত স্কোর :
কিংস ইলেভেন পাঞ্জাব : ২০ ওভারে ১৭৪/৬ (সাঙ্গাকারা ৬৪, শন মার্শ ৪০; গুল ৪/২৩)
কলকাতা নাইট রাইডার্স : ১৯.৪ ওভারে ১৭৫/৭ (সৌরভ অপ. ৮৬; ভিআরবি সিং ২/২৮, শ্রীশান্ত ২/৩৩, চাওলা ২/৩৬)
ফল: কলকাতা ৩ উইকেটে জয়ী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯০০
bdnews24