২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান নির্বাচক মনে করেন এখন বাংলাদেশ দল করাটাই একটা কঠিন কাজ

আন্তর্জাতিক ক্রিকেটের পর ঘরোয়া ক্রিকেটেও ব্যর্থতার ধারা অব্যাহত বাংলাদেশের বেশিরভাগ তারকা ব্যাটসম্যানের। এই অবস্থায় আগামী মাসে ত্রিদেশীয় সিরিজের দল গড়তে গিয়ে গলদঘর্ম হওয়ার কথা অস্বীকার করলেন না রফিকুল আলমও। প্রধান নির্বাচক বললেন, "গত কিছুদিনে যা হয়েছে তা অবশ্যই সুখকর নয়। এসময় দল গড়ার কাজটা একটু কঠিন তো মনে হচ্ছেই।" কঠিন হলেও ১৪ জনের দল নির্বাচকদের ২২ মে'র মধ্যেই দিয়ে দিতে হবে। এরপর পুরো দলের নিবিড় অনুশীলন হওয়ার কথা বগুড়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 05:55 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, ১৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আন্তর্জাতিক ক্রিকেটের পর ঘরোয়া ক্রিকেটেও ব্যর্থতার ধারা অব্যাহত বাংলাদেশের বেশিরভাগ তারকা ব্যাটসম্যানের। এই অবস্থায় আগামী মাসে ত্রিদেশীয় সিরিজের দল গড়তে গিয়ে গলদঘর্ম হওয়ার কথা অস্বীকার করলেন না রফিকুল আলমও। প্রধান নির্বাচক বললেন, "গত কিছুদিনে যা হয়েছে তা অবশ্যই সুখকর নয়। এসময় দল গড়ার কাজটা একটু কঠিন তো মনে হচ্ছেই।" কঠিন হলেও ১৪ জনের দল নির্বাচকদের ২২ মে'র মধ্যেই দিয়ে দিতে হবে। এরপর পুরো দলের নিবিড় অনুশীলন হওয়ার কথা বগুড়ায়। ওদিকে আবার সাকিব আল হাসানের অনুপস্থিতিও বাড়তি ভাবনার কারণ হয়ে গেছে নির্বাচকদের। এইচএসসি পরীক্ষার কারণে তিনি এই ত্রিদেশীয় সিরিজে খেলতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। সুতরাং ব্যাটিংয়ের পাশাপাশি পুরো ১০ ওভার বল করতে সক্ষম, এরকম কারোরই নির্বাচকদের ভাবনায় আসা স্বাভাবিক। ইদানীং আবার দল তারুণ্যের জোয়ারে ভেসে যাওয়ায় সিনিয়র কাউকে ফেরানোর দাবিও উপেক্ষা করতে পারছেন না তারা। প্রধান নির্বাচক নিজেও দলে সিনিয়র এবং অভিজ্ঞ কাউকে রাখার ব্যাপারে দ্বিমত করছেন না, "সিনিয়র কেউ থাকলে তো খুবই ভালো হয়।" কিন্তু তাকে আবার পারফরম করে দলে আসতে হবে। আপাতত সেরকম একজনই আছেন, যিনি এবার প্রিমিয়ার ক্রিকেট লিগে বিমানের হয়ে ধারাবাহিকভাবে রান করেছেন। অলক কাপালির কথা তুলতেই রফিকুল জানিয়ে দিলেন, তাদের বিবেচনায় বেশ ভালোভাবেই আছেন ২০০৬ এর ৪ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান। "অনেকদিন ধরেই ও আন্তর্জাতিক ক্রিকেটে নেই"- বললেও প্রধান নির্বাচক পরে বলেছেন, "পারফরম যেহেতু করছে কাজেই অদূর ভবিষ্যতে অলক দলে আসবে।" ত্রিদেশীয় সিরিজেই কিনা বলেননি। তবে সাকিবের শূন্যস্থান এরকম কাউকে দিয়ে ভরানোর ব্যাপারেই বেশি ভোট পড়বে ক্রিকেট সংশ্লিষ্টদের। তাছাড়া ব্যাটিংয়ের পাশাপাশি তার লেগস্পিন বোলিং আক্রমণেও আনবে বৈচিত্র্য। অলক ছাড়াও এই জায়গাটার জন্য বিবেচনায় আছেন আরও দুজন। প্রধান নির্বাচকের দেয়া তথ্যানুযায়ী সেই দুজন হচ্ছেন, মেহরাব হোসেন জুনিয়র এবং সোহরাওয়ার্দী শুভ। দলে থাকলে গত বছর টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম দলে ফিরবেন অলক। তার মতোই এবার দলে ফেরার সম্ভাবনা বেশি মুশফিকুর রহিমেরও। উইকেটকিপিংয়ের চেয়ে যার ব্যাটিংটাকেই বেশি শ্রদ্ধার চোখে দেখা হয়। কিন্তু ক্রমাগত ব্যর্থতায় তার জায়গা হারানো সুযোগ এনে দেয় ধীমান ঘোষকে। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে ধীমানের উল্লেখযোগ্য কিছু করতে না পারা এবং প্রিমিয়ার লিগে বিকেএসপির হয়ে নিয়মিত রান করা মুশফিকের দলে ফেরার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে অনেক। এছাড়া প্রধান নির্বাচক আরো কয়েকজনের নাম বললেন যারা আছেন তাদের বিবেচনায়। এই যেমন নাঈম ইসলাম, শামসুর রহমান শুভ এবং নাসির হোসেন। তবে দলের কয়েকজন তারকা ব্যাটসম্যানের বিষয়ে নির্বাচকদের সিদ্ধান্ত কেমন হচ্ছে তা ঠিক বোঝা গেল না রফিকুলের কথায়। রান করতে না পারায় ক্লাব দল মোহামেডানের একাদশে জায়গা হারিয়েছেন আফতাব আহমেদ। জাতীয় দল থেকে তার বাদ পড়ার সম্ভাবনা নিয়ে কোনো কথাই বলতে চাইলেন না প্রধান নির্বাচক। তবে এটা বললেন, "চার-পাঁচজন তো দলের নিউক্লিয়াসই।" আন্তর্জাতিক ক্রিকেটের পর ঘরোয়া ক্রিকেটের ব্যর্থতার পরও কী তিনি নিউক্লিয়াসেই রয়ে গেছেন? এ প্রশ্নের অবশ্য উত্তর পাওয়া গেল না! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৫০ঘ.