দিল্লি, ১৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরো ২০ ওভারের খেলা হলে ফলাফল হয়তো অন্যরকমই হতো। শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফিরোজ শাহ কোটলায় অনুষ্ঠিত ম্যাচে বৃষ্টি এসে মুছে দিয়েছে সেই সম্ভাবনা, বীরেন্দর শেবাগের দিল্লি ডেয়ারডেভিলসকে ৬ রানে হারিয়ে দিয়েছে যুবরাজ সিংয়ের কিংস ইলেভেন পাঞ্জাব।
শেবাগ সফল মানে দলও সফল --- এই নিয়ম মেনে স্বচ্ছন্দেই এগোচ্ছিল টস জিতে ব্যাট করতে নামা দিল্লি। কিন্তু ৮.১ ওভারে গম্ভীরের (২৮ বলে ৪০) উইকেটে ৯৪ রান করার পর বৃষ্টি শুরু হওয়ায় বন্ধ হয়ে যায় খেলা। পরে যখন আবার শুরু হলো তখন ম্যাচ হয়ে যায় ১১ ওভারের। বাকি ২.৫ ওভারে আরো ৩ উইকেট হারালেও বেশি দূর যেতে পারেনি দিল্লি। ৪ উইকেটে ১১৮ রান করে তারা। শেবাগ অপরাজিত থেকে যান ২৬ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৫২ রান করে।
জবাবে যুবরাজের ৮ বলে ২৩, জয়াবর্ধনের ১৭ বলে অপরাজিত ৩৬ আর পোমারসব্যাচের ১২ বলে অপরাজিত ২৫ রানের সুবাদে ৮ ওভারে ৯৪ রান করে পাঞ্জাব। তারপর আবার বৃষ্টি। সুবাদে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির হিসেবে জয় পেয়ে যায় যুবরাজের দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৭১০ ঘ.
bdnews24