চেন্নাই, ১১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা চার ম্যাচ জিতে দুর্দান্তভাবে শুরু করলেও পরের তিন ম্যাচ হেরে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। আইপিএল-এ পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে এসে মহেন্দ্র ধোনির দল শুধু জয়ের ধারাতেই ফেরেনি, ফিরে পেয়েছে শীর্ষস্থানও। আগের ম্যাচে দিল্লী ডেভিলসের বিপক্ষে শেষ বলে নাটকীয় জয় পাওয়া চেন্নাই শনিবার বালাজির দুর্দান্ত হ্যাটট্রিক এবং ধোনি-বদ্রিনাথের ঝড়ো ব্যাটিংয়ে ১৮ রানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। নবম ম্যাচে ষষ্ঠ জয় পাওয়ায় চেন্নাইয়ের সংগ্রহ দাঁড়ালো ১২ পয়েন্ট। তাই রাজস্থান রয়্যালসের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানটি এখন তাদেরই দখলে। রাজস্থান অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। অন্যদিকে অষ্টম ম্যাচে পাঞ্জাবের এটা তৃতীয় পরাজয়।
নিজের মাঠে টস হেরে ব্যাট করতে নামা চেন্নাই সুপার কিংসের শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ২০ রানেই তারা হারিয়ে ফেলে দুই ওপেনার বিদ্যুৎ (৮) ও ফ্লেমিংকে (১)। দুটো উইকেটই শ্রীশান্তের। তবে তৃতীয় উইকেটে রায়না-বদ্রিনাথের ৪৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ১৭ বলে ২৬ রান করে রায়না পীযূষ চাওলার শিকারে পরিণত হওয়ার পর চেন্নাইয়ের ইনিংসের সেরা জুটির জন্ম। এই জুটিতে বদ্রিনাথের সঙ্গে মাত্র ১০.৪ ওভারে ৯১ রান যোগ করেন ধোনি। আর তাই ৪ উইকেটে ১৮১ রানের বড় সংগ্রহ গড়তে পেরেছে চেন্নাই। ৪৭ বলে ৩টি ছক্কা ও ৬টি বাউন্ডারিতে ৬৪ রান করে বদ্রিনাথ ভিআরভি সিংয়ের বলে যুবরাজকে ক্যাচ দিলেও ধোনিকে আউট করতে পারেননি পাঞ্জাবের কোনো বোলার। ৪৩ বলে ৪ ছক্কা ও ২ বাউন্ডারিতে ৬০ রান করে অপরাজিত থেকে যান চেন্নাইয়ের অধিনায়ক। ২৯ রানের বিনিময়ে ২ উইকেট নেয়া শ্রীশান্ত ছিলেন পাঞ্জাবের সেরা বোলার।
১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাঞ্জাবকে প্রথম ধাক্কা দিয়েছেন অ্যালবি মরকেল, জেমস হোপসকে (১৪) কট বিহাইন্ড করে। তিন নম্বরে নামা করন গোয়েল কিছুই করতে পারেননি, মাত্র ১ রান করে মানপ্রিত গোনির বলে ক্যাচ দিয়েছেন মরকেলকে। তবে ২৯ রানে ২ উইকেট হারানোর পর ৭.৪ ওভারে শন মার্শ ও সারওয়ানের মধ্যে গড়ে ওঠা ৬৬ রানের জুটি স্বপ্ন দেখাচ্ছিল পাঞ্জাবকে। কিন্তু ১ রানের মধ্যে দু জনই আউট হয়ে গেলে ধাক্কা খায় সেই স্বপ্ন। ইনিংসের ত্রয়োদশ ওভারে দু জনকেই ফিরিয়েছেন বালাজি। ২২ বলে ২০ রান করে বোল্ড হয়েছেন সারওয়ান। আর ৪ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ৩৮ বলে ৫৮ রান করে মার্শ ক্যাচ দিয়েছেন অমরনাথকে। অমরনাথের করা পরের ওভারের প্রথম বলে পাঞ্জাবের অধিনায়ক যুবরাজও (২) আউট। ৯৭ রানে পঞ্চম উইকেট হারানোর পর লাফিয়ে, লাফিয়ে বেড়ে চলা আস্কিং রেটের সঙ্গে পাঞ্জাব আর পেরে ওঠেনি। শেষ দিকে ইরফান পাঠান (১৮ বলে ৪০) ও পীযূষ চাওলা (১৫ বলে ১৭) অনেক চেষ্টা করলেও ৯ উইকেটে ১৬৩ রানে থেমে যায় তাদের ইনিংস। শেষ ওভারে পর পর দুই বলে দু জনকেই আউট করার পর ভিআরভি সিংকেও কট বিহাইন্ড করে আইপিএল-এর প্রথম হ্যাটট্রিক করেছেন বালাজি। ২৪ রানের বিনিময়ে তার শিকার ৫ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০০৬ঘ.
bdnews24